টি-২০ বিশ্বকাপ মধ্যগগণে। টানটান ম্যাচ। ক্রিকেট ভক্তরা বেশ উপভোগ করছেন। অবশ্যে আপনি যদি কেকেআর সমর্থক হন, তাহলে ব্যাপারটা আলাদা। কারণ কেকেআর ভক্তদের জন্য এ পর্যন্ত বিশ্বকাপ কাটছে উৎকণ্ঠাতেই। এ পর্যন্ত চোটের জন্য বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্র্যাঞ্চাইজির নাম কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। আইপিএলের শুরুতেও তিনি খেলতে পারবেন না। এবার চোটগ্রস্তদের তালিকায় নাম লেখালেন মাথিশা পাথিরানা।
চোটের জন্য ছিটকে গেলেন হর্ষিত। ফাইল ছবি।
গত আইপিএলে কেকেআরের সবচেয়ে চিন্তার জায়গা ছিল পেস বোলিং বিভাগ। মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়ার পর তেমন অভিজ্ঞ কোনও পেসারকে গত মরশুমে সই করাতে পারেনি নাইটরা। আনরিখ নখিয়া, স্পেনসার জনসনরা সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। তাঁদের ছেঁটে ফেলে এই মরশুমে নতুন পেসারদের সই করায় নাইটরা। ১৮ কোটি টাকায় শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে সই করায় কেকেআর। সাড়ে ৯ কোটি টাকায় সই করানো হয় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে। এছাড়া হর্ষিত রানা, বৈভব অরোরা, উমরান মালিকরা দলে ছিলেন আগে থেকেই।
কিন্তু বিশ্বকাপের আগে কেকেআরে যেন শনির দশা। রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। বিশ্বকাপের ঠিক একদিন আগে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে মাঠের বাইরে হর্ষিত রানা। যা পরিস্থিতিতে তাতে বিশ্বকাপের শুরুতে তাঁকে পাওয়া যাচ্ছে না। আবার সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছেড়েছেন পাথিরানা। শ্রীলঙ্কা বোর্ড সরকারিভাবে পাথিরানার চোট নিয়ে কোনওরকম আপডেট এখনও দেয়নি। তবে শেষমেশ তিনিও যদি আইপিএলের শুরুতে না খেলতে পারেন, তাহলে বিরাট চাপের মুখে পড়তে হবে নাইটদের।
চোটের কবলে পাথিরানা। ফাইল ছবি।
মুস্তাফিজুর রহমান, হর্ষিত রানা, পাথিরানা না থাকলে নাইটদের পেস বিভাগের নেতৃত্ব দেবেন কে? সেটাই লাখ টাকার প্রশ্ন। সেক্ষেত্রে অনভিজ্ঞ বৈভব অরোরা, উমরান মালিকরাই ভরসা কেকেআরের। আপাতত নাইট ভক্তদের একটাই আশা, পাথিরানার চোট যেন গুরুতর না হয়। আইপিএল শুরুর আগে অন্তত যাতে ফিট হয়ে যান লঙ্কার পেসার।
