ভারত-পাকিস্তান ম্যাচে আর অধিনায়কদের করমর্দন হবে না। এটাই যেন এখন 'নিয়ম' হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup) তার ব্যতিক্রম হল না। আরও একটা বিষয়ের ব্যতিক্রম হল না। সেটা হল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের টসে হার। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। পাক মহারণে টিম ইন্ডিয়ায় জোড়া বদল। পেটের সমস্যা মিটিয়ে দলে ঢুকলেন অভিষেক শর্মা, বাদ সঞ্জু স্যামসন। এছাড়া অর্শদীপ সিংয়ের জায়গায় সুযোগ পেলেন কুলদীপ যাদব।
এশিয়া কাপে শুরু হয়েছিল করমর্দন না করার 'প্রথা'। সেই টুর্নামেন্টে তিনটি ম্যাচ, মেয়েদের বিশ্বকাপ থেকে ছোটদের একাধিক টুর্নামেন্ট, এই 'নিয়মই' বহাল থেকেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে এই ম্যাচে যে নিয়ম বদলাবে, তার পূর্বাভাস ছিল না। টসের সময় দুই দেশের তারকা মাঠে আসতেই বোঝা যায়, বরফ একটুও গলেনি। বয়কট নাটকের পর যে ভারত-পাক ম্যাচের গুরুত্ব আরও বেড়েছে, সে কথা বলাই বাহুল্য। টসের সময়ও দেখা গেল দুই অধিনায়কই গুরুগম্ভীর, চোয়াল শক্ত। সূর্য তো স্বীকার করেই গেলেন, এই ম্যাচকে আর পাঁচটা ম্যাচ বলে ভুল করার কোনও কারণ নেই।
আর সেখানে বিশ্বকাপের আগের দু'টি ম্যাচের মতো ভারতকে এই ম্যাচেও আগে ব্যাট করতে হবে। পাক অধিনায়ক সলমন জানালেন, প্রেমদাসা স্টেডিয়ামের পিচ স্লো। এই ধরনের পিচে তাঁরা গত ৬ মাস ধরে খেলছেন, ফলে রান তাড়া করতে সুবিধা হবে। সূর্যর বক্তব্য, তিনি টসে জিতলেও আগে ব্যাটই করতেন। অবশ্য কবে যে তিনি টসে জিতে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন, সেটা কেউই জানে না।
তাই শুরুতেই উসমান তারিক, সাইম আয়ুবদের ঘূর্ণি সামলাতে হবে অভিষেক শর্মাদের। পেটের সমস্যার জন্য নামিবিয়ার জন্য খেলতে পারেননি। এই ম্যাচে ফিরলেন, রানে ফিরবেন কি না সেটাই দেখার। অন্যদিকে কলম্বোর স্লো পিচে বল ঘুরবে বুঝেই ভারতীয় দলে আরেক পরিবর্তন। অর্শদীপ সিংয়ের জায়গায় খেলবেন কুলদীপ যাদব। অর্থাৎ বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, কুলদীপের স্পিন অস্ত্রে সাজানো ভারতের বোলিং বিভাগ।
ভারতের প্রথম একাদশ: ঈশান কিষান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরাহ।
