মুম্বইয়ের মতো গরম নেই। দিল্লিতে এখন শীতের আমেজ। তাপমাত্রা সতেরো-আঠারোর কাছাকাছি ঘোরাফেরা করছে। রাতের দিকে সেটা আরও কমছে। তবে দিল্লির আবহ যতই আরামদায়ক হোক না কেন, ভারতীয় ড্রেসিংরুমের পরিবেশ খুব একটা স্বস্তির নয়। উদ্বোধনী ম্যাচে আমেরিকাকে হারানো গিয়েছে ঠিকই। কিন্তু চোট-আঘাত সমস্যা যেন পিছুই ছাড়তে চাইছে না। তার মধ্যেই বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।
হর্ষিত রানা চোট পেয়ে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। অসুস্থতার জন্য জশপ্রীত বুমরাহ প্রথম ম্যাচে খেলতে পারেননি। মুম্বই থেকেই পেটের সমস্যায় ভুগছেন অভিষেক শর্মা। কিন্তু তাতেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে নামিবিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার তিনি খেলতে পারবেন কি না! তার মধ্যে আবার চোট পেয়েছেন ঈশান কিষান। নেটে ব্যাটিংয়ের সময় বুমরাহর ইয়র্কারে পায়ে চোট পান ঈশান। দ্রুত ছুটে আসেন টিমের ফিজিও। এর মিনিট পাঁচেক পর ফের নেটে ব্যাট করতে যান। কিন্তু ঈশানকে দেখেই মনে হচ্ছিল স্বচ্ছন্দ নন তিনি। বেশ অস্বস্তি হচ্ছে তাঁর।
ম্যাচটা আদতে নামিবিয়া ঠিকই। তবে ভারতীয় দলের কাছে পাকিস্তান-যুদ্ধের ড্রেস রিহার্সাল। ভারতীয় কোচ গৌতম গম্ভীর নিজেও ভালো করেই জানেন এই ম্যাচের চাপ কতটা। তারউপর প্রথম ম্যাচে ব্যাটিং পুরোপুরি ব্যর্থ। একা সূর্যকুমারের ওই ইনিংস ভারতকে জেতায়। গম্ভীরও চাইবেন নামিবিয়া ম্যাচ থেকেই চেনা ফর্মে ফিরুক তাঁর ব্যাটিং লাইন আপ। দিল্লির উইকেট যেরকম হয়, ঠিক সেরকম থাকছে। অর্থাৎ ফ্ল্যাট ব্যাটিং পিচ।
জশপ্রীত বুমরাহ ফিরছেন। মহম্মদ সিরাজ প্রথম ম্যাচে ভালো বোলিং করেছেন। দিল্লিতে এখন পেস কম্বিনেশন কী হয়, সেটাই দেখার। এর বাইরে অবশ্য টিমে বদলের কোনও সম্ভাবনা নেই। ব্রডকাস্টার চ্যানেলে এক সাক্ষাৎকারে সূর্য বলেছেন, "গত দেড়-দুবছর আমাদের টিমের জয়ের পার্সেন্টেজ দেখুন। এর থেকে এটাই প্রমাণ হয়, আমাদের টিম যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে। আমার তো মনে হয়, আমাদের টিম ডমিনেট করে জিতবে। খুব বেশি চিন্তা-ভাবনা করার দরকার নেই। সবসময় ইতিবাচক থাকতে হবে। নেগেটিভ কিছু ভাবলেই সমস্যা হবে। বিশ্বকাপের জন্য টিম পুরোপুরি তৈরি।"
আজ টিভিতে
ভারত বনাম নামিবিয়া
সন্ধে ৭.০০, নয়াদিল্লি
স্টার স্পোর্টস
