দুশ্চিন্তা কিছুতেই কমছে না টিম ইন্ডিয়ার। চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। এবার জানা গিয়েছে, ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহ। শনিবার সকাল থেকে জ্বরে আক্রান্ত তিনি। ফলে প্রথম একাদশ সাজাতেই সমস্যায় পড়বেন ভারতের কোচ গৌতম গম্ভীর। সেক্ষেত্রে বুমরাহর (Jasprit Bumrah) জায়গায় খেলতে পারেন সদ্য ডাক পাওয়া মহম্মদ সিরাজ। তাঁর সঙ্গী হবেন অর্শদীপ সিং।
বুমরাহ যদি এই ম্যাচের জন্য ছিটকে যান, তাহলে ভারতের হাতে মাত্র ১৩ জন ফিট ক্রিকেটার থাকবে। ওয়াশিংটন সুন্দর এখনও বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিট হওয়ার চেষ্টা করছেন। তারপর ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবেন। সেটা খুব সম্ভবত দিল্লি থেকেই। বিশ্বকাপ শুরু হয়ে গেল, অথচ দলের গুরুত্বপূর্ণ সদস্য এখনও দলেই যোগ দিতে পারছেন না। এর মধ্যে ভারতের বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরুর চব্বিশ ঘন্টা আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যান পেসার হর্ষিত রানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়ে যাঁর হাঁটুতে চোট লেগেছিল।
এর সঙ্গে জুড়ল বুমরাহর (Jasprit Bumrah) জ্বর। জানা গিয়েছে, তারকা পেসারকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তাঁকে শনিবারের উদ্বোধনী ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। তবে দেশের ক্রিকেটভক্তদের একাংশের ক্ষোভও রয়েছে। প্রায়ই চোট পান বুমরাহ। তার সঙ্গে 'ওয়ার্কলোড ম্যানেজমেন্টে'র জন্য বিশ্রামও দেওয়া হয়। এবার বিশ্বকাপের শুরুতেও নেই।
হর্ষিতের বদলে দলে নেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। লালবলের ক্রিকেটে ভারতীয় দলের অন্যতম ভরসার জায়গা হলেও সিরাজ সাদাবলের ক্রিকেটে নিয়মিত নন। সদ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেললেও জাতীয় দলের হয়ে শেষবার তিনি টি-২০ খেলেছেন সেই ২০২৪ সালের জুলাই মাসে। তারপর আর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলা হয়নি সিরাজের। কোচ গৌতম গম্ভীর কার্যত ব্রাত্য করে রেখেছিলেন তাঁকে। সেই সিরাজেই এবার ভরসা রাখতে হবে গম্ভীরকে।
