ম্যাচ ফিক্সিং, বল বিকৃতির মতো বিতর্কিত ঘটনার সঙ্গে হামেশাই জড়ায় পাক ক্রিকেট। বারবার ক্রিকেটীয় আইন ভাঙার অভিযোগ উঠেছে পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে। এবার টি-২০ বিশ্বকাপের আগে আবারও মাঠের মধ্যে বেআইনি আচরণ করলেন পাক উইকেটকিপার খোয়াজা নফায়। আইসিসি আইনের তোয়াক্কা না করেই আউটের আবেদন জানালেন। অতি আশ্চর্যজনকভাবে সেই আবেদনে আউট দিয়েও দিলেন পাকিস্তানি আম্পায়ার।
ঘটনার সূত্রপাত পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচে। প্রথমে ব্যাট করে ২০৮ রান তোলে পাকিস্তান। সেই বিরাট টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই ধুঁকছিল অজি ইনিংস। মাত্র ৮২ রান তুলতেই আউট হয়ে যান অস্ট্রেলিয়ার ৬জন ব্যাটার। তিন ম্যাচের সিরিজে অজিদের হোয়াইটওয়াশ তখন স্রেফ সময়ের অপেক্ষা। সেসময়েই ঘটে বিতর্কিত ঘটনাটি।
অজি ইনিংসের ১৪তম ওভারে বল করতে আসেন মহম্মদ নওয়াজ। স্ট্রাইকে ছিলেন কুপার কনোলি। স্পিন হয়ে আসা বল লেগ সাইডের দিকে ঘুরে যায়, সেটা কনোলি বুঝতেই পারেননি। ক্রিজ ছেড়েও বেশ খানিকটা বেরিয়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই বল ধরে উইকেট ভেঙে দেন পাক উইকেটকিপার খোয়াজা নফায়। আউটের আবেদন জানাতেই আঙুল তুলে দেন মাঠে থাকা আম্পায়ার। সেসময়ে রিভিউ নেননি কনোলি। শেষ পর্যন্ত একশোও তুলতে পারেনি অজিরা। মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় তারা।
কিন্তু ম্যাচের পর ওই আউটের নানা ভিডিও ভাইরাল হয়। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, বাঁ হাতে উইকেট ভেঙেছেন নফায়। কিন্তু বল রয়েছে ডান হাতে। আইসিসি আইন স্পষ্ট বলে, যে হাতে বল রয়েছে সেই হাত দিয়েই স্টাম্প করত হবে। সেই নিয়ম মানেননি নফায়। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, আম্পায়াররাও রিভিউ না করেই আউট দিয়ে দিলেন। প্রশ্ন উঠছে, সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগেই পাক আম্পায়ারদের এহেন পক্ষপাতদুষ্ট আচরণ, সেই সঙ্গে মাঠে নেমে পাক ক্রিকেটারদের 'চোট্টামি' দেখে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, বিশ্বকাপে ক্রিকেটীয় আদর্শ বজায় থাকবে তো?
