shono
Advertisement
India vs West Indies

'সূর্যরা জানে কীভাবে চাপ সামলাতে হয়', ইডেনে 'কোয়ার্টার ফাইনালে'র আগে আত্মবিশ্বাসী সৌরভ

'ভারতীয় টিমের ব্যাটিং গভীরতা যথেষ্ট। আট নম্বর পর্যন্ত ব্যাটার। তাছাড়া অভিষেক আগের ম্যাচে রান ফিরেছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে মোটামুটি সবাই রান করেছে', বলছেন সৌরভ।
Published By: Anwesha AdhikaryPosted: 11:32 AM Mar 01, 2026Updated: 06:16 PM Mar 01, 2026

নিজে বহু এরকম চাপের ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি সিএবি প্রেসিডেন্ট। রবিবার ইডেনে বিশ্বকাপের 'কোয়ার্টার' যুদ্ধে নামছে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজে মাঠে গিয়ে পিচ দেখেছেন। তাঁর মতে ইডেনের উইকেট খুব ভালো। দর্শকরা উপভোগ্য একটা ম্যাচ দেখবেন।

Advertisement

প্রশ্ন: রবিবারের ম্যাচ নিয়ে শহরের উন্মাদনা তো আকাশ ছুঁয়েছে।
সৌরভ: ইডেন একেবারে হাউসফুল হবে। এখানে সবসময়ই স্টেডিয়াম ভর্তি থাকে। এর আগে টেস্টেও দেখেছিলেন, কী পরিমাণ দর্শক হয়েছে। ইংল্যান্ডের ম্যাচেও প্রচুর লোক হয়েছিল। আশা করি দারুণ একটা ম্যাচ হবে।

প্রশ্ন: সুপার এইটের ম্যাচ হলেও আদতে সেটা কোয়ার্টার ফাইনাল ভারতের কাছে।
সৌরভ: দেখুন বিশ্বকাপে সব ম্যাচই চাপের। চেন্নাইয়ে কি চাপ ছিল না ভারতের উপর? আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বাকি দুটো ম্যাচই নকআউট হয়ে যায় ভারতের কাছে। চেন্নাইয়ে জিতেছে। আশা করি ইডেনেও খুব ভালো একটা ম্যাচ হবে।

প্রশ্ন: দশ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হেরেছিল ভারত।
সৌরভ: আগে কী হয়েছে, কে জিতেছে, কে হেরেছে, সেটা দিয়ে কিছু বিচার হয়? এটা নতুন ম্যাচ। নতুন লড়াই। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে, তারাই জিতবে।

প্রশ্ন: কিন্তু একটা ম্যাচ ছাড়া, ভারতীয় ব্যাটিং তো এবার বিশেষ সফল নয়।
সৌরভ: সবসময় একইরকম টেমপ্লেটে ব্যাটিং করবে, সেটা হয় না। তবে ভারতীয় টিমের ব্যাটিং গভীরতা যথেষ্ট। আট নম্বর পর্যন্ত ব্যাটার। তাছাড়া অভিষেক আগের ম্যাচে রান ফিরেছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে মোটামুটি সবাই রান করেছে। যা ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে ভারতীয় টিমকে আত্মবিশ্বাস দেবে। তাছাড়া দেখুন সবাই খুব অভিজ্ঞ। ফলে ওরা জানে কখন কী করতে হবে। তবে ওয়েস্ট ইন্ডিজও বেশ ভালো। ওদের স্পিন অ্যাটাক কিন্তু খারাপ নয়। জশপ্রীত বুমরাহ এখন বিশ্বের সেরা বোলার। ওর চার ওভার ক্রুশিয়াল হবে।

প্রশ্ন: এরকম ম্যাচ মানেই স্নায়ুর লড়াই। আলাদা টেনশন তো থাকেই?
সৌরভ: একটা চাপ তো থাকবে। কিন্তু ক্রিকেটাররা জানে কীভাবে চাপ সামলাতে হয়। ওরা এত ক্রিকেট খেলছে। চাপের পরিস্থিতিতে আগেও খেলেছে। ফলে সেটা ওদের কাছে নতুন কিছু নয়।

প্রশ্ন: ইডেনে খেলা মানেই সাম্প্রতিক সময়ে পিচ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা টেস্টের আগেও হয়েছে।
সৌরভ: ইডেনে ভালো উইকেট হবে। প্রচুর রান উঠবে। জিততে হলে ভালো ব্যাটিং-বোলিং করতে হবে।

প্রশ্ন: কী মনে হয় ভারতের একজন বাড়তি স্পিনার নিয়ে নামা উচিত?
সৌরভ: সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে মনে হয় না এই ম্যাচে ভারত টিমে কোনও বদল আনতে চাইবে।

প্রশ্ন: ভারতীয় বোলিংয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। বরুণ চক্রবর্তী শেষ দুটো ম্যাচে প্রচুর রান দিয়েছেন।
সৌরভ: বরুণ মেশিন নয়। এক-আধটা ম্যাচ খারাপ যেতেই পারে। সেটা নিয়ে বেশি ভাবলে চলবে না। বরুণ যথেষ্ট ভালো বোলার। ওর ভ্যারিয়েশন রয়েছে।

প্রশ্ন: কী মনে হচ্ছে এই ম্যাচে ভারত ফেভারিট হয়ে নামবে?
সৌরভ: এরকম একটা হাইভোল্টেজ লড়াইয়ে কেউ ফেভারিট হয় না। আগেই বললাম নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, জিতবে তারাই। ম্যাচ ফিফটি-ফিফটি।

প্রশ্ন: টস জিতলে ভারতের কী করা উচিত?
সৌরভ: আমার মনে হয় ভারত রান তাড়া করলে ভালো করবে। যদি সূর্য টস জেতে আগে ফিল্ডিং করে নিক।

প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে সমস্যায় পড়েছিল ভারত।
সৌরভ: একটা ম্যাচ দিয়ে কিছু বিচার হয় না। একটা খারাপ দিন যেতেই পারে। তার মানে এই নয় যে সেটা প্রত্যেক দিন হবে। ভারতের ব্যাটিং খুব শক্তিশালী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement