ইতিহাস গড়ে বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) বলছেন, তিনি ক্ষমাপ্রার্থী। বিশ্বকাপ নিয়ে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা নিয়ে তুমুল বিতর্ক-সমালোচনা হয়েছে। ভারত অধিনায়কের কথায়, ওই সিদ্ধান্তে কী ভুল হয়েছে সেটা তিনি বুঝতে পেরেছেন। সেটার জন্য ক্ষমা চেয়েছেন।
ঠিক কোন ভুলের কথা বলছেন স্কাই? সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারত মাত্র একটাই ম্যাচ হেরেছিল। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ খেলতে নেমেছিল মেন ইন ব্লু। সেই ম্যাচের প্রথম একাদশে রাখা হয়নি সহঅধিনায়ক অক্ষর প্যাটেলকে। একপেশেভাবে ম্যাচ হারে ভারত। তারপরেই অক্ষরকে বসানোর সিদ্ধান্ত নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। যদিও ম্যাচের পর সূর্য জানিয়েছিলেন, ম্যাচ আপের কথা ভেবেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহঅধিনায়ক অক্ষর প্যাটেলকে খেলানো হয়নি।
সেই হারের ধাক্কা সামলে ভারতীয় দল দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বকাপও জিতেছে। তারপর অক্ষরকে বাদ দেওয়ার ইস্যুতে মুখ খুলেছেন সূর্য। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, "বাদ দেওয়ার সিদ্ধান্তে অক্ষর প্রচণ্ড রেগে গিয়েছিল। অবশ্য রাগ করাটাই স্বাভাবিক। ও অভিজ্ঞ ক্রিকেটার, আইপিএলে একটা টিমের ক্যাপ্টেন, রাগ তো করবেই।"
তবে অক্ষরের রাগ ভাঙাতে দেরি করেননি সূর্য। ম্যাচের পরই সহঅধিনায়কের সঙ্গে কথা বলতে যান তিনি। সাক্ষাৎকারে সূর্য বলেন, "আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আমি ওকে বললাম, একটা ভুল হয়ে গিয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু টিমের স্বার্থে ওই সিদ্ধান্তটা নিতে হত। এইভাবে কথা বলাটা বেশ কঠিন ছিল আমার জন্য। তবে অক্ষর গোটা ব্যাপারটা সামলে নিয়েছিল। পরের দিন থেকেই আমাদের সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে যায়।"
উল্লেখ্য, রবিবার ভারত বিশ্বকাপ জিতেছে। তারপর থেকে একাধিক বিতর্ক দানা বেঁধেছে। ট্রফি নিয়ে মন্দিরে যাওয়ায় তোপের মুখে পড়েছেন সূর্য। অন্যদিকে হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগও উঠেছে। তবে সেসব বিতর্কে ভারতীয় দল মুখ খোলেনি।
