shono
Advertisement
Gautam Gambhir

পন্থকে 'সেন্সর', তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের

ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক পদ থেকে ঋষভ পন্থকে সরিয়ে কেএল রাহুলকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন গৌতম গম্ভীর। তাছাড়াও তিন নম্বরে দেবদত্ত পাড়িক্কল নাকি সাই সুদর্শন ব্যাট করতে নামবেন, সেই ইঙ্গিতও মিলেছে তাঁর কথায়। 
Published By: Prasenjit DuttaPosted: 03:33 PM Jun 05, 2026Updated: 07:47 PM Jun 05, 2026

ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক পদ থেকে ঋষভ পন্থকে সরিয়ে কেএল রাহুলকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের স্বাভাবিক খেলাটা খেলার পাশাপাশি ম্যাচের পরিস্থিতি বোঝাটাও সমান গুরুত্বপূর্ণ। তাছাড়াও তিন নম্বরে দেবদত্ত পাড়িক্কল নাকি সাই সুদর্শন ব্যাট করতে নামবেন, সেই ইঙ্গিতও মিলেছে গম্ভীরের কথায়। 

Advertisement

আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণার পরই দেখা যায়, শুভমন গিলের ডেপুটি হিসাবে আর নেই পন্থ। তাঁর পরিবর্তে সহ-অধিনায়কের দায়িত্ব পান অভিজ্ঞ ব্যাটার কেএল রাহুল। এই সিদ্ধান্তে বিস্মিত হন অনেক সমর্থক ও ক্রিকেট বিশ্লেষক। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় ভারত। সেই সিরিজে পন্থের ব্যাটিং, বিশেষ করে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে অযথা ঝুঁকি নিয়ে উইকেট ছুড়ে দেওয়া, সমালোচনার জন্ম দেয়। এরপরই তাঁর সহ-অধিনায়কত্ব হারানোর ঘটনা নিয়ে নানা জল্পনা শুরু হয়।

ঋষভ পন্থ। ছবি বিসিসিআই।

তবে গম্ভীর জানিয়েছেন, দলের হয়ে ভালো পারফরম্যান্স করাই একজন ক্রিকেটারের মূল দায়িত্ব। তিনি বলেন, “ভারতের হয়ে খেলাই একজন ক্রিকেটারের সবচেয়ে বড় দায়িত্ব। সহ-অধিনায়ক হওয়া বা না হওয়া তার তুলনায় গৌণ বিষয়। একজন ক্রিকেটার যখন দেশের হয়ে খেলতে নামে, তখন তার লক্ষ্য থাকে দলের জন্য ভালো খেলা। শেষ পর্যন্ত কোচ, সাপোর্ট স্টাফ বা খেলোয়াড় - সবার মূল্যায়নই হয় পারফরম্যান্সের ভিত্তিতে। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ঋষভ পন্থের ক্ষেত্রে আমরা চাই, ও নিজের স্বাভাবিক খেলাটাই খেলুক।”

পন্থের আগ্রাসী মানসিকতা বদলাতে চান না বলেও জানিয়েছেন ভারতীয় কোচ। গম্ভীরের কথায়, “ঋষভকে আমরা যেমন, তেমনই দেখতে চাই। আমরা ওকে কখনও বলব না যে নিজের স্বাভাবিক খেলা বদলে ফেলতে হবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পরিস্থিতি বুঝে খেলা খুবই গুরুত্বপূর্ণ। দলের প্রয়োজন কী, ম্যাচের পরিস্থিতি কী, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। কোন সময়ে কোন শট খেলতে হবে, সেটাও বুঝতে হবে।” তিনি আরও বলেন, “টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি - যে ফরম্যাটই হোক, লক্ষ্য একটাই, রান করা এবং উইকেট নেওয়া। কীভাবে সেটা করবে, সেটা ক্রিকেটারের ব্যাপার। তবে ম্যাচের পরিস্থিতি বুঝতে পারাটা খুবই জরুরি।”

প্রথম টেস্টের আগে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে আলোচনায় গৌতম গম্ভীর। ছবি বিসিসিআই।

এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট শুরুর আগে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে জল্পনার মধ্যেই সাই সুদর্শনের প্রতি আস্থা দেখালেন গম্ভীর। তাঁর মন্তব্যেই ইঙ্গিত মিলেছে, দেবদত্ত পড়িক্কলের বদলে সুযোগ পেতে পারেন সাই সুদর্শন। গত বছর ইংল্যান্ড সফরে তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন সুদর্শন। তবে ৬ টেস্টে করেছিলেন ৩০২ রান। এরপর করুণ নায়ার ও ওয়াশিংটন সুন্দরকেও তিন নম্বরে নামানো হয়েছে। তবুও সুদূরপ্রসারী ফল মেলেনি। তবে এবার তিন নম্বরের 'খটকা' দূর করতে চায় টিম ইন্ডিয়া। গম্ভীর বলেন, “সাই সুদর্শন এখনও সেভাবে সুযোগ পায়নি। ও কেবল ইংল্যান্ডেই খেলেছে। আমার বিশ্বাস, ওর আরও সুযোগ পাওয়া উচিত।”

আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা সুদর্শনকে কয়েকটি ম্যাচের ভিত্তিতে বিচার না করার কথাও বলেছেন ভারতীয় কোচ। গম্ভীর বলেন, “আমরা তো মাত্র ১১ জনকেই খেলাতে পারি। সাই খারাপ ফর্মে নেই। আইপিএলে ৭০০ রান করেছে। মাত্র চার-পাঁচটি ম্যাচ দেখে যদি আমরা কাউকে বিচার করি, তাহলে ভবিষ্যতের জন্য কোনও দলই গড়ে তোলা সম্ভব হবে না।” অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে দেবদত্ত পাড়িক্কল। ছয় ম্যাচে ৫৪৩ রান করে তাঁর গড় ৬০.৩৩। তবু গম্ভীরের বক্তব্যে পরিষ্কার, সাই সুদর্শনের দিকেই ঝুঁকছে টিম ম্যানেজমেন্ট।

অনুশীলনে সাই সুদর্শন। ছবি বিসিসিআই।

এদিকে তৃতীয় স্পিনার হিসাবে মানব সুথার ও হর্ষ দুবের মধ্যে লড়াই নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। তাঁর মতে, এই টেস্ট ম্যাচ থেকেই শ্রীলঙ্কা সফরের জন্য চতুর্থ স্পিনার বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। গম্ভীর বলেন, “মানব ও হর্ষ কিছুটা একই ধরনের হলেও তাঁদের বল ছাড়ার ধরনে পার্থক্য রয়েছে। এই ম্যাচ আমাদের চতুর্থ স্পিনারকে মূল্যায়নের সুযোগ দেবে, কারণ শ্রীলঙ্কা সফরে আমরা চারজন স্পিনার নিয়ে যেতে চাই।” আগামী সফরগুলোর পরিকল্পনা নিয়েও কথা বলেন ভারতীয় কোচ। তিনি জানান, নিউজিল্যান্ডের মতো দেশে খেলতে গেলে আলাদা প্রস্তুতির প্রয়োজন হবে। গম্ভীরের কথায়, “নিউজিল্যান্ডে গেলে আমাদের আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। তাই কিছু নিয়মিত একদিনের ক্রিকেটারকে টেস্ট খেলানো হবে। আমরা বুঝতে পারছি, টেস্ট ক্রিকেটের জন্য আরও ভালো প্রস্তুতি প্রয়োজন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement