shono
Advertisement
Vaibhav Sooryavanshi

'ও কীসের ভাইস ক্যাপ্টেন?', তিলকের স্লেজিংয়ের পরেই আউট বৈভব! দলীপ ফাইনালে 'ধুন্ধুমার'

ফাইনালে অল্পের জন্য হাফসেঞ্চুরি পেল না ১৫ বছরের বিস্ময় তারকা।
Published By: Prasenjit DuttaPosted: 01:29 PM Sep 06, 2026Updated: 07:12 PM Sep 06, 2026

দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলেছিল পূর্বাঞ্চলের ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। কিন্তু অল্পের জন্য হাতছাড়া হল আরও একটি হাফসেঞ্চুরি। রবিবার প্রথম ইনিংসে ৪৪ রান করে চামা ভি মিলিন্দের বলে আউট হন ১৫ বছরের এই ব্যাটার। তার আগে অবশ্য ঘটে গেল 'স্লেজিং' পর্ব। সেখানে চরিত্রের নাম বৈভব সূর্যবংশী এবং তিলক বর্মা (Tilak Varma)।

Advertisement

বৈভব তখন বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করছে। এমন সময় দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মার সঙ্গে তাঁর কথোপকথন ধরা পড়ে ভিডিওতে। তিলকের গলায় শোনা যায়, "ক্যায়া ইয়ার, ইয়ে ভাইস ক্যাপ্টেন?" অর্থাৎ, "ও কীসের ভাইস ক্যাপ্টেন?" তিলকের এ হেন মন্তব্যকে অনেকেই স্লেজিং হিসাবেই দেখছেন। যদিও ঘটনাটি খুব একটা গুরুতর আকার নেয়নি। কিছুক্ষণের মধ্যেই দু'জনকে হাসতে দেখা যায়। কিন্তু সোশাল মিডিয়ায় অনেকেই বিষয়টি ভালো ভাবে নেয়নি। তাঁদের মতে, ১৫ বছরের ব্যাটারের বিরুদ্ধে এমন কৌশল নেওয়া মোটেও উচিত হয়নি তিলকের।

এর কিছুক্ষণ পরেই অবশ্য বৈভবকে ফিরিয়ে দেন মিলিন্দ। ৫টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৪৪ রান করে সে। হাফসেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থামতে হয় তাকে। শুরু থেকেই অবশ্য দুর্ধর্ষ ব্যাটিং করছিল বৈভব। এমনকী অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজকে ভয় পায়নি। তার ব্যাটিংয়ের প্রভাব পড়ে অন্য প্রান্তে থাকা অভিমন্যু ঈশ্বরণের উপরও। ৮৬ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংস খেলেন অভিমন্যু। তাঁর ব্যাট থেকে আসে ১০টি চার ও একটি ছক্কা। শেষ পর্যন্ত রান আউট হয়ে ফেরেন তিনিও।

দলীপ ট্রফির এই মরশুমে অবশ্য ইতিমধ্যেই ইতিহাস লিখেছে বৈভব। সেমিফাইনালে ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ হিসাবে হাফসেঞ্চুরির নজির গড়েছে সে। সেই ম্যাচেই সেঞ্চুরির খুব কাছে পৌঁছে ৮১ বলে ৯২ রান করে সাজঘরে ফিরতে হয়। দ্বিতীয় ইনিংসেও ৪০ রান আসে তার ব্যাট থেকে। ফাইনালে প্রথম ইনিংসে ৪৪ রানে থামলেও তার ব্যাটিংয়ের আগ্রাসী মেজাজ নজর কেড়েছে। ম্যাচ এখনও শেষ হয়নি। তাই ১৫ বছরের এই তরুণের ব্যাটে আরও বড় ইনিংস আসে কি না, এখন সেটাই দেখার। তবে বৈভবকে করা তিলকের স্লেজিং নিয়ে আলোচনা চলছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement