shono
Advertisement
ODI World Cup

টানা তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ! টিকিট পেতে ওয়েস্ট ইন্ডিজের ভরসা কোন সমীকরণ?

পূর্ণ সদস্য দেশগুলির জন্য বাকি আটটি জায়গা নির্ধারিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে।
Published By: Prasenjit DuttaPosted: 09:16 PM Aug 08, 2026Updated: 09:16 PM Aug 08, 2026

শেষবার ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজকে দেখা গিয়েছিল ২০১৯ সালে। সেবারও অবশ্য সরাসরি নয়, কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপের টিকিট পেয়েছিল ক্যারিবিয়ান দল। চারবছর পর ছবিটা আরও খারাপ হয়। ২০২৩ সালের বিশ্বকাপের মূল পর্বেই জায়গা করে নিতে পারেনি দু'বারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

Advertisement

এবারও কি সেই একই পথে হাঁটতে হবে? আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে বিশ্বকাপে যেতে গেলে ফের কোয়ালিফায়ারের উপরেই নির্ভর করতে হবে তাদের। কিন্তু কেন এমন হল? আগামী বছরের বিশ্বকাপে আয়োজক দেশ হিসাবে সরাসরি জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে। আয়োজক হলেও আইসিসি-র পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়াকে খেলতে হবে যোগ্যতা অর্জন পর্ব। পূর্ণ সদস্য দেশগুলির জন্য বাকি আটটি জায়গা নির্ধারিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

সেখানেই পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পর ৭৩ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গিয়েছে ক্যারিবিয়ানরা। তাদের উপরে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশের পয়েন্ট ৮৩। আফগানিস্তানের ৯০। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য ৩০ সেপ্টেম্বরের কাট-অফের মধ্যে প্রথম আটে থাকতে হবে। সমস্যা হল, ওয়েস্ট ইন্ডিজ আগে থেকেই প্রথম আটের বাইরে ছিল। তার উপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয় ক্যারিবিয়ানদের শেষ আশাটুকুও কার্যত শেষ করে দিয়েছে। ফলে র‍্যাঙ্কিংয়ের প্রথম আটে ফিরে সরাসরি বিশ্বকাপে যাওয়ার দরজা বন্ধ।

ভারতের বিরুদ্ধে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই সিরিজে ৩-০ ব্যবধানে জিতলেও পরিস্থিতি বদলাবে না। ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় র‍্যাঙ্কিংয়ে ফিরে আসার মতো অবস্থায় নেই তারা। অর্থাৎ ভরসা সেই কোয়ালিফায়ার। বিশ্বকাপে খেলার জন্য আবারও বাছাই পর্বের পরীক্ষায় বসতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। যে দল এক সময় দাপটের সঙ্গে ১৯৭৫ ও ১৯৭৯ - পর পর দু'টি ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল, সেই ওয়েস্ট ইন্ডিজের এমন দশা। বারবার সরাসরি বিশ্বকাপের টিকিট হাতছাড়া হওয়ার ঘটনা বুঝিয়ে দিচ্ছে, সমস্যাটা অনেক গভীরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement