shono
Advertisement

Breaking News

Shikhar Dhawan

জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা 'বৈষম্যে'র স্বীকার? বিস্ফোরক অভিযোগ নিয়ে কী বললেন ধাওয়ান

জম্মু-কাশ্মীরের রনজি ট্রফি জয়ের কথাও উঠে আসে তাঁর মুখে।
Published By: Prasenjit DuttaPosted: 11:02 AM Sep 07, 2026Updated: 02:06 PM Sep 07, 2026

জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা জাতীয় দলে কম সুযোগ পান, এই অভিযোগ মানতে নারাজ প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তাঁর সাফ কথা, জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে কোনও আঞ্চলিক বৈষম্য নেই। এক্ষেত্রে পারফরম্যান্সই আসল মাপকাঠি। তবে ক্রিকেটে কখনও কখনও ভাগ্যও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে জানিয়েছেন তিনি। শুধু জম্মু-কাশ্মীর নয়, দিল্লি-মুম্বইয়ের ক্রিকেটারদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটে বলে মত ধাওয়ানের।

Advertisement

রবিবার শ্রীনগরে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন ভারতীয় ওপেনার বললেন, "কোনও ভাবেই বৈষম্য করা হয় না। পারফর্ম করলে পৃথিবীর কোনও শক্তিই আপনাকে আটকাতে পারবে না। আপনার পারফরম্যান্সই কথা বলবে। তবে কখনও কখনও ভাগ্যও ভূমিকা নেয়। সেটা শুধু জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে নয়। দিল্লি বা মুম্বইয়ের অনেক ক্রিকেটারও আছেন, যাঁরা সুযোগ পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু পাননি। তাঁদের বদলে অন্য কেউ সুযোগ পেয়েছেন। এটাই ক্রিকেটের অঙ্গ।"

'প্রো স্টার ক্রিকেট লিগ'-এর দ্বিতীয় মরশুমের ঘোষণা হয়েছে। সেই উপলক্ষে আয়োজন করা হয়েছিল সাংবাদিক বৈঠক। আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে শ্রীনগর থেকে শুরু হবে প্রতিযোগিতা। ফাইনাল হবে দেরাদুনে। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনাই এই লিগের লক্ষ্য। ধাওয়ান এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন ক্রিকেটার পরভেজ রসুলকে লিগের 'আইকনিক প্লেয়ার' ঘোষণা করা হয়েছে। জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ ধাওয়ান। বিশেষ করে পেসারদের নিয়ে তাঁর উচ্ছ্বাস চোখে পড়েছে। বললেন, 'এখানকার ছেলেরা খুব ভালো, শারীরিক ভাবেও শক্তিশালী। এখানকার ফাস্ট বোলাররা সত্যিই শক্তিশালী ও প্রতিভাবান। সবচেয়ে ভালো বিষয় হল, ক্রিকেটের পরিধি এখানে বাড়ছে। যত বেশি ম্যাচ খেলবে, তত অভিজ্ঞতা বাড়বে।"

জম্মু-কাশ্মীরের রনজি ট্রফি জয়ের কথাও উঠে আসে তাঁর মুখে। ধাওয়ান বলেন, "গোটা দেশে সেই জয়ের খবর ছড়িয়ে পড়েছিল। পরশ ডোগরা দলকে দারুণ নেতৃত্ব দিয়েছিল। জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারেরা একজোট হয়ে খেলেছিল।" ধাওয়ানের সুরেই কথা বলেছেন আকাশ চোপড়াও। লিগ কমিশনারের মতে, সুযোগের ক্ষেত্রে ভাগ্য কিছুটা প্রভাব ফেললেও শেষ কথা বলে পারফরম্যান্স। তাঁর মন্তব্য, "ভাগ্য একটা ভূমিকা নেয়। কিন্তু আপনার হাতে যা আছে, তা হল পরিশ্রম করা এবং ধারাবাহিক ভাবে পারফর্ম করে যাওয়া।"

পরভেজ রসুলের প্রসঙ্গ টেনে চোপড়ার যুক্তি, "আমি দিল্লি থেকে এসেছি। কম টেস্ট খেলেছি বলে দিল্লিকে দায়ী করি না। পরভেজও বলতে পারে না, কাশ্মীর থেকে এসেছে বলেই কম ম্যাচ খেলেছে। শিখর আমাদের মধ্যে সবচেয়ে বেশি খেলেছে, কারণ ও সেই পর্যায়ের পরিশ্রম করেছে এবং পারফর্ম করেছে।" জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবির উদাহরণ দিয়ে আকাশ বলেন, "সুযোগ ইতিমধ্যেই আসছে। আইপিএলে খেলার পাশাপাশি জাতীয় দলের স্কোয়াডে রয়েছে নবি। এখন ওর মতো ক্রিকেটারদের সামনে নিজেদের প্রমাণ করার পালা।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement