shono
Advertisement
India Women's Cricket Team

ওয়ানডে বিশ্বজয়ই অনুপ্রেরণা, ঘোষিত মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল, সুযোগ পেলেন কারা?

১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলশে চলবে মেয়েদের কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। এই ট্রফি এখনও জেতা হয়নি ভারতের।
Published By: Arpan DasPosted: 05:27 PM May 02, 2026Updated: 06:07 PM May 02, 2026

ঘোষিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলশে চলবে মেয়েদের কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। এই ট্রফি এখনও জেতা হয়নি ভারতের। গত বছর দেশের মাটিতে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। এবার টি-টোয়েন্টিতে পরীক্ষা। ওয়ানডে বিশ্বজয়ের অনুপ্রেরণাকে সঙ্গী করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামবেন স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, দীপ্তি শর্মারা।

Advertisement

টি-২০ বিশ্বকাপের দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার নন্দনী শর্মা। মহিলাদের প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছিলেন তিনি। ওপেনিংয়ের দায়িত্বে শেফালি বর্মা, স্মৃতি মন্ধানারা থাকবেন। ওয়ানডে বিশ্বকাপে দু'জনেই আগুনে ফর্মে ছিলেন। বিশেষ করে শেফালি। উইকেটের পিছনে থাকবেন বাংলার রিচা ঘোষ, ফিনিশিংয়ের দায়িত্বেও থাকবেন তিনি। এছাড়া জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, রাধা যাদবদের মতো অভিজ্ঞরা আছেন ভারতীয় দলে। বাদ পড়ছেন অনুষ্কা শর্মা, উমা ছেত্রী, কাসভি গৌতম, প্রতীকা রাওয়াল, হরলিন দেওলরা।

টি-টোয়েন্টিতে আগের সিরিজটায় ভারতের ফলাফল ভালো হয়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-৪ ব্যবধানে হেরেছেন হরমনপ্রীতরা। বিশ্বকাপের আগে ইংল্যান্ডে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারত। যা বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজ। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ১৪ জুন, বার্মিংহামে পাকিস্তানের বিরুদ্ধে। গ্রুপ-১-এ ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড ও বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল-

অধিনায়ক- হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক- স্মৃতি মন্ধানা, শেফালি বর্মা , জেমাইমা রডরিগেজ, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শ্রীচরণী, যস্তিকা ভাটিয়া, নন্দনী শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement