ভারতের টি-টোয়েন্টি দলে দীর্ঘদিন পর ফিরেই বড় দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার। নতুন অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়ে দিলেন, নেতৃত্বের ভূমিকায় এলেও নিজের স্বভাব বা ব্যক্তিত্ব বদলানোর কোনও ইচ্ছে তাঁর নেই। বরং যে মানসিকতা তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, সেটাকেই ধরে রাখতে চান তিনি।
রবিবার এক অনুষ্ঠানে শ্রেয়স বলেন, “নিজের ব্যক্তিত্ব বদলাতে চাই না। যেমন ছিলাম, তেমনই থাকব। কারও মতো হওয়ার বা কারও ছায়ায় থেকে কাজ করব না।” মুম্বইয়ের প্রতিযোগিতামূলক ক্রিকেট সংস্কৃতির কথা তুলে ধরে তিনি জানান, ছোটবেলা থেকেই কঠিন পরিবেশে লড়াই করে বড় হয়েছেন। তাঁর কথায়, “মুম্বইয়ে ক্রিকেটের পরিসর বিশাল। এখানে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। রাস্তায় ক্রিকেট খেলা প্রায় প্রতিটি ছেলেমেয়ের স্বপ্ন থাকে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করার। সেই পরিবেশই আমাকে লড়াই করতে শিখিয়েছে।”
নতুন অধিনায়ক হিসাবে দলের মধ্যে জয়ের মানসিকতা আরও বাড়িয়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। শ্রেয়স বলেন, “ধারাবাহিকভাবে জেতার মানসিকতাই আমার সবচেয়ে বড় শক্তি। পরিস্থিতি যত কঠিনই হোক, জয়ের লক্ষ্য থেকে সরে আসা যায় না। তবে শুধু জেতার জন্য নয়, খেলাটা উপভোগ করাও জরুরি। ক্রিকেট হোক বা অন্য কোনও খেলা, প্রতিযোগিতার মানসিকতা থাকলে তবেই সাফল্যের শিখরে পৌঁছনো সম্ভব।” অধিনায়কত্বকে তিনি যেমন সম্মানের, তেমনই বড় চ্যালেঞ্জের দায়িত্ব হিসেবে দেখছেন। শ্রেয়সের কথায়, “এই দায়িত্ব আমার কাছে যেমন আনন্দের, তেমনই চ্যালেঞ্জেরও। দলের মধ্যে সেই জয়ের খিদেটা আরও বাড়িয়ে তোলাই এখন আমার অন্যতম কাজ।”
এদিকে শ্রেয়সের অধিনায়ক হওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “শ্রেয়স নিজের পারফরম্যান্সের জোরেই এই সম্মান অর্জন করেছে। সূর্যকুমার যাদবকে সরানো ঠিক না ভুল, সে বিষয়ে মন্তব্য করছি না। নির্বাচকেরা তাঁদের ভাবনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন।”
