আইপিএলের দলবদলের বাজারে এবার নাম জুড়ে গেল যশস্বী জয়সওয়ালের। যার নেপথ্যে বৈভব সূর্যবংশী। আইপিএল কেরিয়ারের শুরু থেকেই রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন যশস্বী। কিন্তু আগামী মরশুমে আর গোলাপি জার্সি নাও পরতে পারেন তরুণ ওপেনার। আর এই জল্পনা প্রকাশ্যে আসতেই যশস্বীকে দলে নিতে তৎপর হয়ে উঠেছে অন্য আরেকটি ফ্র্যাঞ্চাইজি।
রাজস্থানের জার্সিতে ২০২০ থেকে খেলছেন যশস্বী। আড়াই হাজারের বেশি রান করেছেন। সবই ঠিক চলছিল। কিন্তু গত মরশুমে অনেক অঙ্ক বদলে যায়। সঞ্জু স্যামসন চলে যাওয়ার পর রিয়ান পরাগকে অধিনায়ক করা হয়। যশস্বীকে সেই জায়গা দেওয়া হয়নি। এছাড়া ভারতীয় ক্রিকেটে ঝড়ের বেগে উত্থান ঘটেছে বৈভবের। ১৫ বছর বয়সি তারকার সঙ্গে ওপেনে নামতে হয় যশস্বীকে। ফলে যেরকমই খেলুক না কেন, বৈভবের ছায়ায় চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এখন জানা গিয়েছে, যশস্বীর আচরণ নিয়ে খুব একটা খুশি নয় রাজস্থান। তবে যশস্বীর আচরণ নিয়ে কী সমস্যা, তা স্পষ্ট করে বলা হয়নি। তবু মাঠে তিনি কীরকম পারফর্ম করছেন, সেটার থেকেও বেশি চর্চা এই বিষয়টি নিয়ে। তাই আদৌ যশস্বীকে ধরে রাখা হবে কি না, সেটা নতুন করে ভাবতে হচ্ছে। মনে করা হচ্ছে, ২০২৭ মরশুমের আগে স্কোয়াডে বদল আনতে পারে রাজস্থান।
তবে এটাও ঠিক, যশস্বীকে ছেড়ে দিলে অনেক দলই কিনতে আগ্রহী হবে। টেস্ট দলের নিয়মিত সদস্য, আইপিএলেও প্রতি মরশুমে ধারাবাহিকভাবে রান করেন। এদিকে মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পাণ্ডিয়াকে ছাড়তে চলেছে বলে খবর। যশস্বী ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন। এমনকী আইপিএল কেরিয়ারের শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্সেই ছিলেন। জল্পনা চলছে, হার্দিকের সঙ্গে যশস্বীকে ট্রেড করাতে পারে মুম্বই। তাতে মুম্বই রোহিতের সঙ্গে ওপেন করার যোগ্য ভারতীয় সঙ্গী পাবে।
