shono
Advertisement
Devdutt Padikkal

'এই দিনটার স্বপ্ন দেখেছিলাম,' পূজারা-দ্রাবিড়ের নজির ছুঁয়ে ২ বছরের পরিশ্রমের গল্প ফাঁস পাড়িক্কলের

দলের পরিকল্পনার কথা জানালেন ধ্রুব জুরেল।
Published By: Arpan DasPosted: 08:41 PM Aug 16, 2026Updated: 08:41 PM Aug 16, 2026

দু’বছর আগে টেস্ট অভিষেক। তারপর দীর্ঘ অপেক্ষা। দলে জায়গাও নিশ্চিত ছিল না। অবশেষে গলে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন দেবদত্ত পাড়িক্কল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিরাট ইনিংসে ভারত রানের পাহাড়ে। কীভাবে দীর্ঘ অপেক্ষার সাফল্য এল? ফাঁস করলেন দেবদত্ত। অন্যদিকে হাফসেঞ্চুরি করা ধ্রুব জুরেল জানালেন, কোন পরিকল্পনায় রান করেছে ভারত।

Advertisement

গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৯ উইকেট হারিয়ে ৪৬০। দেবদত্ত ১৫টি চার ও একটি ছক্কার সাহায্যে ১৬৭ রান করে আউট হয়েছেন। তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৫০ বা তার বেশি রান করলেন পাড়িক্কল। এর আগে ২০০৯ সালে রাহুল দ্রাবিড় ১৭৭ রান ও ২০১৭ সালে চেতেশ্বর পূজারা ১৫৩ রান করেছিলেন। তিন নম্বরে কে খেলবেন, সেই প্রশ্নের উত্তরও সম্ভবত এই টেস্টে পেয়ে গেল ভারত। সাই সুদর্শন চোটের জন্য ছিটকে যাওয়ায় দেবদত্ত সুযোগ পান।

দিনের শেষে পাড়িক্কল বলেন, "আমি এই দিনটার জন্য স্বপ্ন দেখছিলাম। গত দু'বছর প্রচুর পরিশ্রম করেছি। আমি খুব খুশি। জানতাম সুযোগ পেলে ভালো কিছু করে দেখাব। স্পিনের বিরুদ্ধে খেলতে হলে লেংথ ঠিক রাখতে হয়। মাঠে গেলাম, খেলে দিলাম। এরকম হয় না। কিছু পরিকল্পনা আগে থেকে ভেবে রাখতে হয়। তাতে বোলারের উপর চাপ বাড়ানো যায়। আমি রানের খিদে বাড়িয়েছি। ব্যাটিং আরও উপভোগ করছি। সেঞ্চুরি করার পর একটু গা-ছাড়া মনোভাব আসে। কিন্তু আমার লক্ষ্য ছিল পরের ২০-৩০ বল মাথা ঠান্ডা রাখা। কীভাবে এই সেঞ্চুরি সেলিব্রেট করব ভাবিনি। খুব ক্লান্ত। এখন ঘুমোতে চাই।"

অন্যদিকে ধ্রুব জুরেল বলে যান, "আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি রান করতে। প্রথম বল থেকে ঝড় তোলার চেষ্টা করিনি। এখানে ভারত 'এ' দলের হয়ে খেলেছি। ফলে পরিবেশ জানি। আমার উপর কোনও চাপ ছিল না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement