আর মাত্র তিন দিন। এরপরেই ঢাকে কাঠি পড়ে যাবে আইপিএলের। এই আবহে শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকরের ভবিষ্যৎ নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন লখনউ সুপার জায়ান্টসের শক্তিশালী পেস আক্রমণের কারণে অর্জুনের প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হবে। যদিও এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যোগরাজ সিং।
দলের কম্বিনেশন নিয়ে অশ্বিন স্পষ্ট ভাষায় বলেন, "অর্জুন তেণ্ডুলকর খেলেগা হি নেহি। (ও খেলবেই না)। দলে ময়ঙ্ক যাদব, মহসিন খান, আভেশ খান, মহম্মদ শামির মতো পেসাররা রয়েছে। এত বোলারের মধ্যে ও কীভাবে সুযোগ পাবে? কেউ চোট না পেলে ওর সুযোগ নেই বলেই মনে হয়।"
অশ্বিনের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন যোগরাজ। সরাসরি বলেন, "একেবারে ফালতু কথা! ও তো টিভিতে বসে দিব্যি বলে চলেছে, 'এটা করতে পারবে না, ওটা করতে পারবে না'। তুমি কে হে? টিভিতে বসে কারও সম্পর্কে এভাবে বলা যায় না।" অর্জুনের সামর্থ্য নিয়ে নিজের মতামতও জানিয়েছেন তিনি। বলেন, "ও শচীনের ছেলে, সেটা ভিন্ন বিষয়। ও যখন এখানে ছিল, তোমরা সবাই অর্জুন তেণ্ডুলকরকে নিয়ে ভুল জায়গায় মনোযোগ দিচ্ছ।"
তিনি আরও বলেন, "ওর মেরুদণ্ডে সমস্যা ছিল। বল করার সময় ওর হাত ৪৫ ডিগ্রি থেকে নীচে নেমে আসে। আমি ওর সঙ্গে কথাও বলেছি। গোয়া ক্রিকেট দলে থাকার সময় ওর কোচকেও এই বিষয়টি জানিয়েছিলাম।" অর্জুনের ভবিষ্যৎ নিয়ে যোগরাজের সংযোজন, "তোমরা যদি না পারো, তাহলে ওকে আমার কাছে পাঠাও। আমি সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ করছি, অর্জুন যদি আমার কাছে ছ'মাস প্রশিক্ষণ নেয়, তবে আমি ওকে বিশ্বের সেরা ব্যাটারদের থেকেও এগিয়ে নিয়ে যাব। আর যদি তা না পারি, তাহলে আমি নিজের দাড়ি কেটে ফেলব।" এই মন্তব্যের পর ক্রিকেট মহলে নতুন করে বিতর্কের সঞ্চার হয়েছে।
