সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি হওয়ার খবরকে নিজেই ফুৎকারে উড়িয়েছেন বলিউড শহেনশাহ অমিতাভ বচ্চন। স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ”তিনি একেবারে সুস্থ। হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই গুজব।” তার পরেই নিজের ব্লগে এক দুঃসহ অভিজ্ঞতার কথা লিখলেন বিগ বি। জানালেন ISPL ফাইনাল দেখতে গিয়ে বড়সড় বিপাকে পড়েছিলেন তিনি।
[আরও পড়ুন: রোজা রেখে অসুস্থ হিনা খান, শারীরিক সমস্যায় জেরবার অভিনেত্রী!]
অমিতাভ তাঁর ব্লগে লিখলেন, ” ISPL ফাইনাল দেখতে গিয়েছিলাম। এন্ট্রি গেটেই বিপাকে পড়েছিলাম। মারাত্মক ভিড়। নড়া-চড়া করার মতো জায়গা ছিল না। এমনকী, আমার নিরাপত্তারক্ষীরাও হাল ছেড়ে দিয়েছিল। যতক্ষণে স্টেডিয়ামের ভিতরে গেলাম, ততক্ষণে ব্যাটিং ইনিংস শেষ! ”
শুক্রবার মুম্বইয়ে হয়ে গেল ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের ফাইনাল। ফাইনালে বাইশ গজে মুখোমুখি হয়েছিসল মাজি মুম্বই ভার্সেস টাইগার অফ কলকাতা। সেই খেলার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, অভিষেকের সঙ্গে চুটিয়ে খেলা উপভোগ করছেন অমিতাভ বচ্চন। এমনকী, পাশে দেখা গিয়েছে শচীন তেন্ডুলকরকেও।
প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অমিতাভ। তখন বিগ বি নিজেই জানিয়ে ছিলেন অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। চিকিৎসকের কথায় দীর্ঘদিন বিশ্রামেও ছিলেন তিনি। অসুস্থতার কারণে গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবেও আসতে পারেননি তিনি। তবে এবারটি যে তিনি একেবারেই ফিট তা স্পষ্ট জানালেন অমিতাভ।
