মহানায়কের জন্ম শতবর্ষ (Uttam Kumar Birth Centenary) স্মরণীয় করে রাখতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। উত্তমকুমারের জীবন ও কর্মকাণ্ড ঘিরে প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, সেমিনার, সংবর্ধনা, ডাকটিকিট প্রকাশ থেকে তো থাকছেই, স্বয়ং মুখ্যমন্ত্রী নেতৃত্ব দেবেন শ্রদ্ধাজ্ঞাপক বর্ণাঢ্য পদযাত্রার। আজ, বৃহস্পতিবার থেকে শুরু, রাজ্যজুড়ে চারদিন ধরে চলবে উত্তম-স্মরণ।
এদিন সকাল দশটায় টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, দেব-সহ ইন্ডাস্ট্রির শিল্পীরা। বিকেল ৪টেয় তাঁর নেতৃত্বে নন্দন, রবীন্দ্রসদন প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় পদযাত্রা। সেখানে বাংলা চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব, লোকশিল্পীরা তো থাকবেনই, উত্তমকুমারের সঙ্গে কাজ করেছেন যে সমস্ত অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, তাঁরাও আসবেন। উত্তমকুমারের জীবন ও কাজ নিয়ে প্রদর্শনীর উদ্বোধনও করবেন তিনি। শুক্রবার সকাল এগারোটায় নিউটাউনে 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'-এর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বিকেল চারটেয় নন্দন-১-এ সত্যজিৎ রায় পরিচালিত 'নায়ক' সিনেমা দিয়ে সূচনা হবে 'উত্তমকুমার ফিল্ম ফেস্টিভ্যাল'-এর। বিকেল পাঁচটায় ভারতীয় ডাক বিভাগ রবীন্দ্র সদনে মহানায়কের স্মরণে বিশেষ খাম ও ডাকটিকিট প্রকাশ করবে। এরপর উত্তমকুমারের সমকালীন প্রবীণ অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের সংবর্ধনা দেবেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ শমীক ভট্টাচার্য, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সম্মানিত করা হবে মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, প্রভাত রায়, দীপঙ্কর দে-সহ বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীদের।
শনিবার শিশির মঞ্চে রয়েছে দুটি সেমিনার, 'নায়িকাদের চোখে উত্তমকুমার' এবং 'অভিনেতা উত্তমকুমার'। রবিবার চলচ্চিত্র জগতের শিল্পীরা নাচে, গানে, অভিনয়ে শ্রদ্ধা জানাবেন মহানায়ককে। এ ছাড়াও একতারা মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জলনের সঙ্গে কেক কেটে পায়েস খেয়ে হবে উদযাপন। উত্তমকুমারের সিনেমার বিভিন্ন দৃশ্য দিয়ে সাজানো গাড়ি ঘুরবে শহরজুড়ে। বিভিন্ন এলাকা সাজানো হবে তাঁর ছবি দিয়ে। উত্তমের ছবি দিয়ে তৈরি কাটআউট লাগানো হবে বিজলী সিনেমা হলের সামনে। নন্দন ছাড়াও রাধা স্টুডিও-সহ বিভিন্ন প্রেক্ষাগৃহ জুড়ে দেখানো হবে উত্তমের সিনেমা।
