'সম্পর্ক', একটা ছোট শব্দ। কিন্তু এর গভীরতা অনেক। প্রতিটা সম্পর্কের অতলে লুকিয়ে থাকে অঢেল বোঝাপড়া, মানঅভিমানের মতো মনস্তাত্ত্বিক নানা সমীকরণ। এবার এই নিয়েই গল্প বুনছেন পরিচালক দীপ মোদক। তাঁর 'সব চরিত্ররা' নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবিতে এমনই এক সম্পর্কের ভিতরে লুকিয়ে থাকা নানা বিষয় ও বাস্তবতাকে তুলে ধরা হবে।
এই ছবিতে তিনটি চরিত্রকেই মূলত তুলে ধরা হবে দর্শকের দরবারে। আর সেই তিন প্রধান চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও ঋতব্রত মুখোপাধ্যায়। ছবিতে দেবরাজ ভট্টাচার্যের চরিত্রের নাম 'ঋত্বিক দাশগুপ্ত'। এই চরিত্র নিয়ে দেবরাজ ভট্টাচার্য বলেন, "এই ছবিতে ঋতব্রত এবং প্রিয়াঙ্কা আমার সহ-অভিনেতা, মূলত ওদের সাথে আমার চরিত্রের নানারকম দ্বন্দ্ব এই গল্পের অন্যতম বিষয়। ভীষণ মনস্তাত্বিক জটিলতার পরত বোনা হয়েছে এই স্বল্পদৈর্ঘ্যের গল্পে। শুধু তাই নয়, একই সঙ্গে এই বিষয় ধরা পড়বে ছবির সকল চরিত্র নির্মাণেও।"
এই ছবিতে তিনটি চরিত্রকেই মূলত তুলে ধরা হবে দর্শকের দরবারে। আর সেই তিন প্রধান চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও ঋতব্রত মুখোপাধ্যায়।
এই ছবিতে আরও এক প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। নতুন ছবি নিয়ে প্রিয়াঙ্কা বলেন, "সব চরিত্ররা আমার কাছে ভীষণ স্পেশাল একটা ছবি। এই ছবি অভিনেতা-অভিনেত্রীরা প্রত্যেকেই আমার খুব পছন্দের। তাঁদের প্রত্যেকের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতাও দারুণ। যখন গল্পটা প্রথম শুনেছিলাম, তখনই বুঝেছিলাম যে, এটা ভীষণ ভালো একটা ছবি হতে চলেছে। আর সত্যি বলতে, সেটাই হয়েছে। দর্শক কেউই আগে থেকে বুঝতে পারবে না, গল্পটা আসলে কোন দিকে মোড় নিতে চলেছে। অনেক দিন ধরে এই কাজটার জন্য অপেক্ষা করেছি। আমার চরিত্রের মধ্যে একটা অদ্ভুত দিক আছে, যেটা আমাকে ভীষণ টেনেছে। ছবিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড।"
এই ছবিতে ঋতব্রত মুখোপাধ্যায়ের চরিত্রের নাম 'কুশল'। এই ছবি নিয়ে অভিনেতা বলেন, “কুশলের চরিত্রটা এতটাই জটিল, যে তা বুঝতে বেশ খানিক বেগ পেতে হয়েছে আমাকে। তবে সেটাই একজন অভিনেতার আনন্দ। সবটা দিয়ে কাজ করতে পারলেই ভালো লাগে আর আমার মনে হয় এই ছবির সঙ্গে যুক্ত সবাই সেই ভালোবাসা ও শ্রম দিয়ে গল্পটাকে জীবন্ত করে তুলেছে।” ছবি নিয়ে পরিচালক জানান, সম্পর্কের ভাঙন কখনও আকস্মিক নয়। দীর্ঘদিন জমে থাকা নীরবতা ও অস্বস্তি, নানা অপ্রাপ্তি থেকেই তা জন্ম নেয় । সেই বিষয়গুলোকেই এই ছবিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ২০ মার্চ, ইউটিউব মাধ্যমে দেখা যাবে 'সব চরিত্ররা'।
