shono
Advertisement
methi water

চুলের যত্নে অনন্য মেথি ভেজানো জল, এই ৪ ভেষজ যোগ করলে কার্যকারিতা বাড়ে বহু গুণে

মেথির জল চুলের গোড়া মজবুত করতে, স্প্লিট এন্ডস্ কমাতে এবং স্ক্যাল্পকে সুস্থ রাখতে সাহায্য করে। আধুনিক কেশচর্চা বিশেষজ্ঞরা বলছেন, মেথি ভেজানো জলের গুণ বাড়াতে তাতে যোগ করা যেতে পারে আরও একরাশ উপাদান।
Published By: Utsa TarafdarPosted: 08:33 PM Jun 30, 2026Updated: 08:49 PM Jun 30, 2026

চুলের যত্নে মেথির গুণাবলী, বহু আগেই স্বীকার করেছে মানুষ। মেথি ভেজানো জল (methi water) হয়ে উঠেছে ঘরোয়া কেশচর্চার অন্যতম উপাদান। এ কারণে বহু কৃত্রিম হেয়ার কেয়ার কসমেটিক্সেও ব্যবহৃত হয় মেথির নির্যাস। মেথিতে রয়েছে আয়রন, ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন ও প্রোটিন। মেথির জল চুলের গোড়া মজবুত করতে, স্প্লিট এন্ডস্‌ কমাতে এবং স্ক্যাল্পকে সুস্থ রাখতে সাহায্য করে। রাতারাতি চুল গজানো সম্ভব নয় ঠিকই, কিন্তু নতুন চুল গজানোর জন্য অনুকূল পরিবেশ অতিরি করতে পারে মেথির জলই।

Advertisement

আধুনিক কেশচর্চা বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, মেথি ভেজানো জলের গুণ বাড়াতে তাতে যোগ করা যেতে পারে আরও একরাশ উপাদান।

পদ্ধতি মেনে মেশানো যায় লবঙ্গ, কারিপাতা, অ্যালোভেরার নির্যাস অথবা রোজমেরি।

  • রোজমেরি

রোজমেরি চুলের স্বাস্থ্যের জন্য সবচাইতে বেশি উপকারী ভেষজগুলির একটি। এটি স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ায়, হেয়ার ফলিকল সুস্থ রাখতে সাহায্য করে, চুল পাতলা হওয়া রোধ করে। তাছাড়া এতে রয়েছে বিপুল পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট।

কীভাবে ব্যবহার করবেন? এক মুঠো শুকনো রোজমেরি পাতা মেথির সঙ্গে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে সেই জল স্ক্যাল্পে লাগান। তারপর শ্যাম্পু করে ফেলুন। যদি রোজমেরি পাতা না পাওয়া যায়, তবে কাজ চালানো যায় রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে।

  • লবঙ্গ

এটি ইউজেনল, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণে সমৃদ্ধ। স্ক্যাল্প পরিষ্কার রাখতে, খুশকির সমস্যা কমাতে, চুলে উজ্জ্বলতা আনতে সাহায্য করে।

কীভাবে ব্যবহার করবেন? মেথি ফুটানোর সময় ৩–৫টি লবঙ্গ যোগ করুন।

  • কারি পাতা

এতে রয়েছে বিটা-ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যামিনো অ্যাসিড, যা চুল ভাঙা কমায়, স্ক্যাল্পকে পুষ্টি দেয়, চুলকে মজবুত করে এবং চুলের অকালে পেকে যাওয়া রোধ করে।

কীভাবে ব্যবহার করবেন? মেথির সঙ্গে ১০–১৫টি তাজা কারি পাতা ফুটিয়ে নিন। ছেঁকে নিয়ে চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে দিন সেই জল। মেথি আর কারিপাতা একসঙ্গে বেটে নিয়ে হেয়ার মাস্কের মতোও লাগানো যায় স্ক্যাল্প জুড়ে। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিন।

  • অ্যালোভেরা

শুষ্ক স্ক্যাল্পে আর্দ্রতা জোগাতে ও যে কোনও ধরনের  জ্বালাভাব কমাতে সাহায্য করে অ্যালোভেরা। এছাড়া চুল নরম হয়, মসৃণ হয়। দেখতে শোভন লাগে।

কীভাবে ব্যবহার করবেন? অ্যালোভেরা ফুটিয়ে ব্যবহার করবেন না। মেথির জল পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ভালো করে মেখে নিন চুলের গোড়ায়।

তবে এ সমস্তটাই কেশচর্চার ঘরোয়া উপায়। স্ক্যাল্পের সমস্যা বাড়তে থাকলে, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement