ব্যস্ততার মাঝে চুলের যত্ন নেওয়ার সময় পান না? কাজের চাপ আর সময়ের অভাবে হেয়ার কেয়ার রুটিন মেনে চলা অনেকের পক্ষেই কঠিন হয়ে ওঠে। তবে শ্যাম্পু করার সামান্য একটি কৌশল বদলে দিতে পারে আপনার চুলের স্বাস্থ্য। খুব কম সময়ে ও সহজ উপায়ে বাড়িতেই তৈরি করে ফেলা যায় চাল ধোয়া জল ও কফির চমৎকার শ্যাম্পু মিশ্রণ। ঘরোয়া এই উপায়টি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কীভাবে বানাবেন?
ফাইল ছবি
প্রয়োজনীয় উপাদান
এই বিশেষ মিশ্রণটি তৈরির জন্য খুব বেশি সামগ্রীর প্রয়োজন নেই। হাতের কাছে এগুলো রাখলেই চলবে:
- ১ চা চামচ ধোয়া চাল
- ১টি ছোট কফির প্যাকেট
- ১ টেবিল চামচ নিয়মিত ব্যবহারের শ্যাম্পু
- পরিমাণমতো জল
ফাইল ছবি
তৈরির পদ্ধতি
(১) প্রথমে একটি পাত্রে কিছুটা জল গরম করে নিন। জল গরম হলে তাতে ধোয়া চাল এবং কফি দিয়ে দিন। এই সময়ে শ্যাম্পু মেশাবেন না।
(২) আঁচ কমিয়ে মিশ্রণটি ৮ থেকে ১০ মিনিট ফুটতে দিন। চাল ও কফির নির্যাস জলে ভালোভাবে মিশে গেলে গ্যাস বন্ধ করুন। এবার লিকুইডটি ছেঁকে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন।
(৩) মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হলে তাতে আপনার নিয়মিত ব্যবহারের ১ টেবিল চামচ শ্যাম্পু মেশান। শ্যাম্পু না ফোলা পর্যন্ত ভালো করে নাড়তে থাকুন। চুলে শ্যাম্পু ব্যবহারের ঠিক আগেই এই মিশ্রণ তৈরি করা শ্রেয়। দীর্ঘদিন জমিয়ে না রেখে প্রতিবার ব্যবহারের সময় ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়াই ভালো।
ফাইল ছবি
কীভাবে ব্যবহার করবেন?
চুল এবং মাথার ত্বক জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিন। এবার তৈরি করা শ্যাম্পুর মিশ্রণটি স্ক্যাল্প এবং চুলে সমানভাবে ছড়িয়ে দিন। আঙুলের ডগা দিয়ে অন্তত ২ মিনিট হালকা হাতে স্ক্যাল্প ম্যাসাজ করুন। ম্যাসাজ শেষে পরিষ্কার জল দিয়ে চুল খুব ভালো করে ধুয়ে ফেলুন, যাতে স্ক্যাল্পে কোনও অবশিষ্টাংশ থেকে না যায়।
ফাইল ছবি
উপকারিতা ও সতর্কতা
চুলের সুরক্ষায় চালের জলের ব্যবহার বহু পুরোনো। অন্যদিকে কফিতে থাকা ক্যাফেইন মাথার ত্বকে উদ্দীপনা জোগাতে সাহায্য করে। ফলে এই শ্যাম্পু মিশ্রণটি চুলকে পরিষ্কার ও সতেজ রাখতে বেশ কার্যকর।
তবে মনে রাখা জরুরি, যেকোনও প্রাকৃতিক উপাদানই সবার ত্বকে সমান ফলপ্রসূ নয়। কফি বা সুগন্ধি শ্যাম্পুর ব্যবহারে কারও কারও স্ক্যাল্পে শুষ্কতা বা চুলকানি দেখা দিতে পারে। যদি এটি ব্যবহারের পর ত্বক লাল হয় বা জ্বালা করে, তবে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে দিন। অতিরিক্ত চুল পড়ার সমস্যা থাকলে কোনও ঘরোয়া টোটকার ওপর ভরসা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।
