shono
Advertisement
Egg Breakfast Recipes

একঘেয়ে ডিম সেদ্ধ ছেড়ে সকালের জলখাবারে ডিম যোগ করুন এই ৫ অনন্য উপায়ে

সহজ পদ্ধতি শিখে নিলেই ডিম দিয়ে বানানো যাবে মনের মতো জলখাবার।
Published By: Utsa TarafdarPosted: 04:06 PM Sep 01, 2026Updated: 04:48 PM Sep 01, 2026

ডায়েটেশিয়ানরাই বলেন, সকালের জলখাবারে অন্তত একটি ডিম রাখতেই হয়। কিন্তু সেদ্ধ ডিম কি রোজ খেতে ভালো লাগে? এই একঘেয়ে স্বাদে ক্লান্ত হয়ে গিয়ে থাকলে রইল ডিম দিয়ে তৈরি এমন ৫ জলখাবারের রেসিপি (Egg Breakfast Recipes), যাতে স্বাদ ও স্বাস্থ্য থাকবে দুইই।

Advertisement

১. মশলা ডিম টোস্ট

উপকরণ:
২টি ডিম, ৪টি পাউরুটির স্লাইস, পিঁয়াজ কুচি, টোম্যাটো কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা, এক চিমটি হলুদগুঁড়ো, অর্ধেক চা-চামচ লঙ্কাগুঁড়ো, নুন ও তেল।

পদ্ধতি:
বাটিতে ডিম ফেটিয়ে পিঁয়াজ, টোম্যাটো, কাঁচালঙ্কা, ধনেপাতা ও মশলা মিশিয়ে নিন। তাওয়ায় সামান্য তেল দিয়ে, পাউরুটির এক পিঠ ডিমের মিশ্রণে ডুবিয়ে সেই দিকটি নিচে রেখে সেঁকে নিন। উপরেও অল্প ডিমের মিশ্রণ দিয়ে উল্টে দিন। দুই দিক সোনালি হয়ে এলে গরম গরম পরিবেশন করুন।

২. ডিম পরোটা রোল

উপকরণ:
আগে থেকে করে রাখা ২টি পরোটা, ২টি ডিম, ফালি করে কাটা পিঁয়াজ, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা, নুন, গোলমরিচ, চাট মশলা ও তেল।

পদ্ধতি:
ডিমে নুন, গোলমরিচ ও কাঁচালঙ্কা মিশিয়ে ফেটিয়ে নিন। তাওয়ায় অল্প তেল দিয়ে ডিম ঢেলে তার উপর পরোটা বসিয়ে দিন। ডিমটা সেট হলে পরোটা উল্টে দিন। এবার পিঁয়াজ, ধনেপাতা ও চাট মশলা মাঝে দিয়ে পরোটা রোল করে নিন।

৩. ডিমের চিলা

উপকরণ:
২টি ডিম, অর্ধেক কাপ বেসন, পিঁয়াজ কুচি, টোম্যাটো কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা, এক চিমটি হলুদগুঁড়ো, অর্ধেক চা-চামচ জিরেগুঁড়ো, নুন ও জল।

পদ্ধতি:
ডিম ও বেসন একসঙ্গে ফেটিয়ে নিন। সবজি ও মশলা মিশিয়ে প্রয়োজনমতো জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। গরম তাওয়ায় অল্প তেল ব্রাশ করে, এক হাতা ব্যাটার ঢেলে পাতলা করে ছড়িয়ে দিন। দুই দিক ভালোভাবে সেঁকে নিলেই তৈরি ডিমের চিলা। ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন।

৪. ডিম-সুজির চিলা

উপকরণ:
২টি ডিম, অর্ধেক কাপ সুজি, ২ টেবিলচামচ দই, পিঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা, নুন ও জল।

পদ্ধতি:
সুজি, দই ও অল্প জল মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর ডিম, পিঁয়াজ, গাজর, কাঁচালঙ্কা, ধনেপাতা ও নুন মিশিয়ে ব্যাটার তৈরি করুন। তাওয়ায় সামান্য তেল দিয়ে, ব্যাটার ছড়িয়ে দিন। মাঝারি আঁচে দুই দিক সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিন।

৫. মশলা ডিম স্যান্ডউইচ

উপকরণ:
৪টি পাউরুটি, ২টি ডিম, পিঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টোম্যাটো কুচি, অর্ধেক চা-চামচ গোলমরিচ, নুন এবং মাখন।

পদ্ধতি:
ডিম ফেটিয়ে নুন ও গোলমরিচ মিশিয়ে নিন। প্যানে অল্প মাখনে পিঁয়াজ, ক্যাপসিকাম ও টোম্যাটো ভেজে তার মধ্যে ডিম ঢেলে নাড়তে থাকুন। ডিম সেদ্ধ হয়ে গেলে পাউরুটির মধ্যে পুর হিসেবে দিন। স্যান্ডউইচ মেকার বা তাওয়ায় দুই দিক টোস্ট করে নিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement