শ্রাবণ মানেই গৃহস্থের রান্নাঘরে সাবুদানার নিয়মিত চাহিদা। তবে সাবুদানা ব্রত পালনে কাজে দিলেও এর তেমন নিজস্ব স্বাদ নেই। ফলে অনেকেই খেতে পছন্দ করে না তেমন। ‘বোরিং’ নয়, বানাতে জানলে শ্রাবণের সকালগুলোয় জলখাবারে সাবুদানা দিয়ে বানানো যায় নানান মুখরোচক খাবার। একচুল মিথ্যে নয়, সঠিক পদ্ধতি মানলেই সুস্বাদু হয়ে উঠবে সাবুদানাও। রইল ৫ সহজ রেসিপি (Sabudana Breakfast Recipes)।
১। সাবুদানা-কলার স্মুদি
উপকরণ:
- ছোট কাপের অর্ধেক পরিমাণ ভিজিয়ে সেদ্ধ করা সাবুদানা
- ১টি পাকা কলা
- ১ কাপ ঠান্ডা দুধ
- ২–৩টি খেজুর বা মধু
- অর্ধেক চা-চামচ এলাচ গুঁড়ো
সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ভরে মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করে যান। গ্লাসে বরফ খণ্ড সাজিয়ে, ঢেলে দিন তার উপর দিয়ে। সাবুদানা পেট ভরাবে। সবের সঙ্গে মিশে স্বাদেও নতুনত্ব আনবে।
সাবুদানার স্মুদি
২. সাবুদানার দোসা
উপকরণ:
- ১ কাপ ভেজানো সাবুদানা
- অর্ধেক কাপ টক দই
- ১টি সেদ্ধ আলু
- ২টি কাঁচলঙ্কা
- লবণ
- জিরে
সব উপকরণ ব্লেন্ড করে মাখো মাখো ব্যাটার তৈরি করুন। ১৫–২০ মিনিট রেখে দিন। গরম তাওয়ায় ঘি ঢেলে, তার উপর ব্যাটার পাতলা করে চাড়িয়ে দিন। দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিন। নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করুন।
৩. সাবুদানার খিচুড়ি
উপকরণ:
- ১ কাপ ভেজানো সাবুদানা
- ১টি সেদ্ধ আলু (কিউব করে কাটা)
- কাঁচালঙ্কা
- জিরে
- কারি পাতা
- লবণ
পাত্রে ঘি গরম করে তাতে জিরে ও কারি পাতা ফোড়ন দিন। সেদ্ধ আলু ভেজে নিন। সাবুদানা, কাঁচালঙ্কা ও লবণ মিশিয়ে ৩–৪ মিনিট নাড়ুন। অল্প অল্প জল ঢেলে মাখো মাখো করে নিতে হবে। সব শেষে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।
৪. সাবুদানার টিক্কি
উপকরণ:
- ১ কাপ ভেজানো সাবুদানা
- ২টি সেদ্ধ আলু
- কাঁচালঙ্কা
- ধনেপাতা
সব উপকরণ মিশিয়ে হাতের চাপে টিক্কির আকার দিন। সামান্য ঘিতে দুই পাশ সোনালি করে সেঁকে নিন। রায়তা বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন।
সাবুদানার টিক্কি।
৫. সাবুদানার উপমা
উপকরণ:
- ১ কাপ ভেজানো সাবুদানা
- চিনেবাদাম
- গোটা জিরে
- কাঁচালঙ্কা
- ঘি
- পাতিলেবুর রস
সাবুদানা ৪–৬ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রেখে অতিরিক্ত জল ঝরিয়ে নিলে দানাগুলো আলাদা থাকে। এতে উপমার মতো খাবার দেখতেও সুদৃশ্য হয়। পাত্রে ঘি গরম করে, তাতে জিরে ফোড়ন দিয়ে আলু ও কাঁচালঙ্কা ভাজুন। সাবুদানা ও চিনাবাদাম দিয়ে ৩–৪ মিনিট নাড়ুন। শেষে লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
