shono
Advertisement
Kids Tiffin Recipe

স্বাধীনতা দিবসের প্রাক্কালে খুদের টিফিনবক্স সেজে উঠুক তেরঙ্গায়, রইল ৪ সহজ রেসিপি

Independence Day Special: সহজ নয় ঠিকই, কিন্তু এমন অভিনব খাবার বানানোর চ্যালেঞ্জ কি ছেড়ে দেওয়া যায়?
Published By: Utsa TarafdarPosted: 01:22 PM Aug 11, 2026Updated: 02:53 PM Aug 11, 2026

স্বাধীনতা দিবস এসেই গিয়েছে, তাই খুদের আবদার, স্কুলের টিফিনে বানিয়ে দিতে হবে এমন খাবার, যাতে ভারতীয় পতাকার তিন রঙই থাকবে! এমন চ্যালেঞ্জ কি ছেড়ে দেওয়া যায়? রইল তেরঙ্গা খাবারের সহজ কিছু রেসিপি (Kids Tiffin Recipe)।

Advertisement

তেরঙ্গা ইডলি

উপকরণ
• ইডলি ব্যাটার – ৩ কাপ
• গাজর – ১টি
• পালং শাক – ১ কাপ

কমলা পিউরি তৈরির জন্য গাজরের টুকরো সেদ্ধ করুন। ঠান্ডা হলে মিক্সারে মিহি পিউরি তৈরি করুন। সবুজ পিউরি তৈরির জন্য পালং শাক ১–২ মিনিট ভাপিয়ে নিন। নামিয়ে ঠান্ডা হলে, পিউরি বানিয়ে নিন।

ইডলি ব্যাটার তিনটি ভাগ করুন। একভাগে গাজরের পিউরি ও অন্য একভাগে পালংয়ের পিউরি মেশান। তৃতীয় ভাগটি সাদা রাখুন। ছাঁচে অল্প তেল মাখিয়ে নিন। আলাদা আলাদা রঙের ইডলি ব্যাটার দিন তাতে। ১০–১২ মিনিট স্টিম করে নিন। নারকেলের চাটনি সঙ্গে পরিবেশন করুন তেরঙ্গা ইডলি।

তেরঙ্গা স্যান্ডউইচ

উপকরণ
• সাদা পাউরুটি
• গাজর – ১টি
• পনির – অর্ধেক কাপ
• ধনেপাতা – অর্ধেক কাপ
• পুদিনা পাতা – ৩ টেবিলচামচ
• চিজ স্লাইস – ২টি
• লেবুর রস – ১ চা-চামচ

গ্রেট করা গাজর প্যানে সামান্য তেলে ২–৩ মিনিট নেড়ে নিন। হাতে চটকে নেওয়া পনির ও সামান্য নুন মেশান তাতে। ঠান্ডা হলে নামিয়ে রাখুন। ধনেপাতা, পুদিনা, লেবুর রস, নুন ও জল দিয়ে গ্রিন চাটনি তৈরি করুন।

এক টুকরো পাউরুটিতে গাজর-পনিরের পুর ছড়িয়ে দিন। তার উপর একটি চিজ স্লাইস রাখুন। অন্য আরেক টুকরো পাউরুটিতে গ্রিন চাটনি লাগিয়ে এর উপর বসিয়ে দিন। চারপাশের শক্ত অংশ কেটে ফেলুন। অল্প আঁচে স্যান্ডউইচ সেঁকে নিন। মজার আকৃতিতে কেটে পরিবেশন করুন।

তেরঙ্গা পোলাও

উপকরণ
• বাসমতি চাল – দেড় কাপ
• গাজর – ১টি
• টমেটো – ১টি
• পালং শাক – ১ কাপ
• ধনেপাতা – অর্ধেক কাপ
• জিরে – অর্ধেক চা-চামচ

চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। সেদ্ধ করে ঝরঝরে ভাত তৈরি করুন, তিন ভাগে ভাগ করুন। কমলা স্তর বানানোর জন্য গাজর-টমেটো মিহি ব্লেন্ড করুন। সামান্য ঘিতে জিরে ফোড়ন দিয়ে পেস্টটি ২–৩ মিনিট নেড়ে নিন। একভাগ ভাত ও সামান্য নুন মিশিয়ে নেড়ে নিন আরও একবার।

সাদা স্তরের জন্য কেবল ঘি, নুন ও কাজু দিয়ে সাদা ভাত নেড়ে নিতে পারেন। সবুজ স্তরের জন্য পালং শাক ও ধনেপাতা ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। সামান্য ঘিতে পেস্টটি নেড়ে, তৃতীয় ভাগ ভাতের সঙ্গে মেশান।

বাটিতে প্রথমে কমলা, তারপর সাদা ও সবশেষে সবুজ পোলাও রাখুন। চামচের চাপে সেট করে নিন। প্লেটের উপর বাটি উল্টে দিলেই তেরঙ্গা পোলাও তৈরি।

নো-কুক তেরঙ্গা ফ্রুট স্কিউয়ার

উপকরণ
• কমলালেবুর কোয়া/পেঁপে – ১ কাপ
• কলা – ১–২টি
• সবুজ আঙুর/কিউই – ১ কাপ
• লেবুর রস – ১ চা-চামচ

টুথপিক বা কাবারের কাঠিতে পরপর সাজিয়ে দিন তিন রঙের ফল। অল্প চাট মশলা বা লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। আপনার খুদের তেরঙ্গা খাবারের পাত, নজর কাড়বেই!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement