shono
Advertisement
Easy Snack Recipes

বাড়িতে হঠাৎ অতিথির আগমন, চটজলদি স্রেফ বিস্কুট দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক স্ন্যাকস

রুটি-পরোটার মতো ভারী নয়, হালকা মনভরানো স্ন্যাক তৈরি হবে ঘরে কেবল বিস্কুট থাকলেই।
Published By: Utsa TarafdarPosted: 12:09 PM Sep 06, 2026Updated: 12:09 PM Sep 06, 2026

বাড়িতে হঠাৎ হাজির অতিথি, অল্প সময় কাটিয়েই ফিরতি পথ ধরার প্ল্যান। এমন সময় চটজলদি মুখরোচক কিছু বানিয়ে দিতেই হয়। রুটি-পরোটার মতো ভারী নয়, হালকা মনভরানো স্ন্যাক (Easy Snack Recipes)। রান্নাঘরে মুচমুচে বিস্কুট অথবা ক্র্যাকার রয়েছে? তাই দিয়েই বানানো যাবে রকমারি অ্যাপেটাইজার।

Advertisement

১। স্প্রিং রোল বাইটস
উপকরণ
• হালকা স্বাদের বিস্কুট বা ক্র্যাকার – ১০-১২টি
• বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম কুচি – ১ কাপ
• পিঁয়াজ কুচি – ১টি
• রসুন কুচি – ১ চা-চামচ
• সয়া সস – ১ চা-চামচ
• চিলি সস – ১ চা-চামচ
• শেজ়ওয়ান সস – প্রয়োজনমতো
• তেল – ১ টেবিলচামচ
• নুন ও গোলমরিচ

প্যানে তেল গরম করে রসুন-পিঁয়াজ হালকা ভেজে নিন। বাঁধাকপি, গাজর ও ক্যাপসিকাম দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন। সয়া সস, চিলি সস, নুন ও গোলমরিচ ভালো করে মিশিয়ে নিন। সবজি বেশি নরম করবেন না, সামান্য মুচমুচে রাখুন। বিস্কুটের উপর পাতলা করে শেজ়ওয়ান সস লাগান। তার উপর ভাজা সবজি দিয়ে পরিবেশন করুন। চাইলে আরেকটি বিস্কুট দিয়ে ঢেকে স্যান্ডউইচের মতোও পরিবেশন করতে পারেন।

২. লেমন বিস্কুট টার্ট
উপকরণ
• মুচমুচে বিস্কুট – ১০-১২টি
• ফ্রেশ ক্রিম – অর্ধেক কাপ
• লেবুর খোসা কুরোনো – ১ চা-চামচ
• লেবুর রস – ১-২ টেবিলচামচ
• গুঁড়ো চিনি – ২ টেবিলচামচ
• ভ্যানিলা এসেন্স – অর্ধেক চা-চামচ
• মাখন – ১ চা-চামচ
• নুন

একটি বাটিতে ফ্রেশ ক্রিম, গুঁড়ো চিনি, লেবুর খোসা ও লেবুর রস নিন। ভ্যানিলা এসেন্স, মাখন ও এক চিমটি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। মিশ্রণটি ঘন ও মসৃণ হলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। লেমন ক্রিম তৈরি। এবার প্রতিটি বিস্কুটের উপর এক চামচ করে লেমন ক্রিম দিন। উপরে সামান্য লেবুর খোসা কুরোনো ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

৩. তন্দুরি পনির বাইটস
উপকরণ
• মুচমুচে বিস্কুট (পটেটো বিস্কুট হলে ভালো)– ১০-১২টি
• পনির – ১৫০ গ্রাম
• ক্যাপসিকাম, পিঁয়াজ, – ১টি
• টক দই – ২ টেবিলচামচ
• তন্দুরি মশলা – ১ চা-চামচ
• লাল লঙ্কার গুঁড়ো – অর্ধেক চা-চামচ
• আদা-রসুন বাটা – ১ চা-চামচ
• লেবুর রস – ১ চা-চামচ
• নুন ও তেল

পনির, ক্যাপসিকাম ও পিঁয়াজ একেবারে ছোট টুকরো করে নিন। একটি বাটিতে দই, তন্দুরি মশলা, লাল লঙ্কার গুঁড়ো, আদা-রসুন বাটা, লেবুর রস ও নুন মিশিয়ে নিন। এতে পনির ও সবজি দিয়ে ভালো করে মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। প্যানে সামান্য তেল গরম করে মেরিনেট করা পনির ও সবজি কয়েক মিনিট রোস্ট করুন। পনিরের গায়ে হালকা পোড়া ভাব এলে নামিয়ে নিন। প্রতিটি বিস্কুটের উপর কিছুটা করে মিশ্রণ সাজিয়ে পরিবেশন করুন। চাইলে উপর থেকে ধনেপাতা বা সামান্য চাট মশলা ছড়িয়ে দিতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement