shono
Advertisement
No-Bake Protein Bars

দোকানের মতো প্রোটিন বার বাড়িতেই, শিখে নিন দুই সহজ 'নো বেক' রেসিপি

স্বাস্থ্যগুণ নিয়ে কোনও প্রশ্ন থাকবে না। বানাতে প্রয়োজন পড়ে না গ্যাস জ্বালানোর।
Published By: Utsa TarafdarPosted: 05:36 PM Jun 25, 2026Updated: 05:36 PM Jun 25, 2026

ছোট্ট খিদের জন্য উপযুক্ত প্রোটিন বার। তাৎক্ষণিক এনার্জি যোগায়। চকোলেট বারের মতো মিষ্টিও নয়, আবার চিপস-বিস্কুটের মতো অস্বাস্থ্যকরও নয়। তবে দামের দিকে পাল্লা ভারী। তাই সুপারমার্কেটের শেলফ ভর্তি প্রোটিন বার দেখতে পেলেও কেনার ইচ্ছে দমন করতে হয় প্রায়শই। তাছাড়া, উপকরণের তালিকায় যতই খাঁটি উপাদানের নাম লেখা থাক না কেন, প্রিজারভেটিভ এড়িয়ে যাওয়া সহজ হয়।

Advertisement

জানেন কি, সহজ কিছু উপাদান ব্যবহার করে বাড়িতেই বানিয়ে ফেলা যায় প্রোটিন বার (Protein Bars), যা সুস্বাদু তো বটেই। স্বাস্থ্যগুণ নিয়েও কোনও প্রশ্ন থাকবে না। বানাতে প্রয়োজন পড়ে না গ্যাস জ্বালানোর। জিম থেকে ফিরে অথবা বাড়িতেই ব্যায়ামের পর খাওয়া যেতে পারে নিশ্চিন্তে।

পদ্ধতি ১

উপকরণ:
• রোলড ওটস: ১ কাপ
• পিনাট বাটার: ১/২ কাপ
• মধু: এক টেবিলচামচ
• প্রোটিন পাউডার: ১/২ কাপ (ভ্যানিলা বা চকোলেট ফ্লেভার)
• দুধ: ২-৩ টেবিলচামচ
• সামুদ্রিক লবণ: এক চিমটি
• ডার্ক চকোলেট সিরাপ

প্রণালী:
পাত্রে পিনাট বাটার ও মধু মিশিয়ে নিন। গরম জলের উপর পাত্রসুদ্ধ রেখে গলিয়ে নিতে হবে যাতে মেশানো সহজ হয়। সাহায্য নেওয়া যায় মাইক্রোওয়েভেরও। তাতে মেশান ওটস, প্রোটিন পাউডার, সামান্য লবণ ও প্রয়োজনমতো দুধ। ভালো করে মেখে ঘন ডো (dough) তৈরি করুন।

ছোট বেকিং ট্রে-তে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিন। তাতে মিশ্রণটি ঢেলে চামচের পিঠ দিয়ে বা ভেজা হাত দিয়ে চেপে চেপে সমানভাবে ছড়িয়ে দিন। মিশ্রণের স্তর যেন ১-২ ইঞ্চি সমান পুরু হয়। চাইলে উপরে ডার্ক চকোলেট সিরাপ ছড়িয়ে দিতে পারেন।

ট্রে-সমেত ১-২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। শক্ত হয়ে গেলে বের করে বারের আকারে কেটে নিন। এয়ারটাইট পাত্রে রাখলে ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত দিব্যি ভালো রাখা যাবে।

পদ্ধতি ২

উপকরণ:
• রোলড ওটস: ১ কাপ (মিহি টেক্সচারের জন্য গুঁড়ো করে নেওয়া যায়)
• পিনাট বাটার: ১/২ কাপ
• মধু: এক টেবিলচামচ
• চিয়া বা ফ্ল্যাক্স সিডস: এক টেবিলচামচ
• কুচানো বাদাম: এক টেবিলচামচ
• শুকনো নারকেল কোরা: ১/২ কাপ
• ভ্যানিলা এক্সট্র্যাক্ট: ১ চা চামচ
• সামুদ্রিক লবণ: এক চিমটি

প্রণালী:
পাত্রে পিনাট বাটার ও মধু মিশিয়ে নিন। গলানোর পদ্ধতি আগের মতোই। ভ্যানিলা এক্সট্র্যাক্ট মিশিয়ে নিন তার সঙ্গে। অন্য একটি পাত্রে ওটস, চিয়া/ফ্ল্যাক্স সিডস, কুচানো বাদাম, নারকেল কোরা ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটির সঙ্গে মেশান পিনাট বাটার-মধু।

ছোট বেকিং ট্রে-তে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিন। মিশ্রণটি ঢেলে আগের পদ্ধতি মেনেই চাড়িয়ে নিন। সেট হওয়ার জন্য অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। বের করে লম্বাটে টুকরোতে কেটে নিলেই রেডি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement