shono
Advertisement
Peanut Chutney Recipes

একঘেয়ে খাবারের পাতে রাখুন জিভে জল আনা চিনাবাদামের চাটনি, রইল ৫ সহজ রেসিপি

ভারতের বিভিন্ন প্রান্তে প্রচলিত রয়েছে বাদামের চাটনি তৈরির বিভিন্ন প্রণালী। বানানো যাবে বাড়িতেই।
Published By: Utsa TarafdarPosted: 03:52 PM Sep 11, 2026Updated: 04:34 PM Sep 11, 2026

কেবল ডালের বড়া কিংবা ভাজাভুজি নয়, বাদামের চাটনি আসলে খাওয়া যায় নানা রকম খাবারের সঙ্গেই। ব্যাজার রুটি-তরকারিকে স্বাদু বানানোর কাজে পাতের পাশে এক চামচ বাদামের চাটনিই যথেষ্ট। আবার কখনও স্রেফ ধোঁয়া-ওঠা গরম ভাতে চটকে মেখেও খেতে ভালো লাগে। উপকরণে সামান্য বদল আনলেই তৈরি করা যায় রকমারি বাদামের চাটনি (Peanut Chutney Recipes)। ভারতের বিভিন্ন প্রান্তে প্রচলিত রয়েছে বাদামের চাটনি তৈরির বিভিন্ন প্রণালী। কীভাবে বানাবেন বাড়িতেই? জেনে নেওয়া যাক।

Advertisement

অন্ধ্রপ্রদেশের 'পাল্লি পাচাড়ি'
বানাতে প্রয়োজন পড়বে শুকনো খোলায় ভাজা চিনাবাদাম, শুকনো লঙ্কা, তেঁতুল, রসুন, কারিপাতা, নুন, তেল ও সর্ষে।

চিনাবাদাম, শুকনো লঙ্কা, তেঁতুল, রসুন ও নুন একসঙ্গে মিক্সারে দিন। অল্প অল্প করে জল মিশিয়ে, সামান্য ঘন করে বেটে নিন। অন্যদিকে কড়াইয়ে সামান্য তেল গরম করে সর্ষে ফোড়ন দিন। সর্ষে ফুটতে শুরু করলে কারিপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিন। এবার এই ফোড়নটি চাটনির উপর ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন।

ধোসা বা ইডলির সঙ্গে ভালো লাগে এই চাটনি। ঘি-ভাতের সঙ্গেও জম্পেশ খেতে লাগে।

চিনাবাদাম-নারকেলের চাটনি
আগের রেসিপির সব ক’টি উপকরণ ছাড়াও এতে প্রয়োজন পড়বে কোরানো নারকেল ও কাঁচা লঙ্কা।

শুকনো খোলায় চিনাবাদাম ভেজে নিন। মিক্সারে চিনাবাদাম, কোরানো নারকেল, কাঁচা লঙ্কা, রসুন, তেঁতুল ও নুন দিয়ে, অল্প জল মিশিয়ে বেটে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে সর্ষে ফোড়ন দিন। সর্ষে ফুটে গেলে কারিপাতা দিয়ে সামান্য ভেজে, সেই ফোড়ন চাটনির উপর ঢেলে দিন।

টম্যাটো-চিনাবাদামের চাটনি
এক্ষেত্রে কোরানো নারকেলের বদলে লাগবে পাকা টোম্যাটো। পদ্ধতি প্রায় একই। কড়াইয়ে সামান্য তেল দিয়ে টুকরো করা টোম্যাটো, শুকনো লঙ্কা, রসুন ও কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিন। টোম্যাটো নরম হয়ে গেলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন।

এবার শুকনো খোলায় ভাজা চিনাবাদাম, টোম্যাটোর মিশ্রণ, তেঁতুল ও নুন মিক্সারে বেটে নিন। প্রয়োজন অনুযায়ী সামান্য জল যোগ করুন। শেষে সর্ষে ও কারিপাতা ফোড়ন ঢেলে নিন চাটনির ওপর।

পুদিনা-ধনেপাতা ও চিনাবাদামের চাটনি
এইক্ষেত্রে প্রয়োজন পুদিনা, ধনেপাতা ছাড়াও লেবুর রস। ভাজা চিনাবাদাম, পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, লেবুর রস ও নুন মিক্সারে দিন। অল্প জল দিয়ে মসৃণ করে বেটে নিন। এমন সুস্বাদু গ্রিন চাটনি মেলা ভার। সাধারণ ভাত-রুটি ছাড়াও মাংস-মাছের কাবারের সঙ্গে এই চাটনি তরিবৎ করে খাওয়া যায়।

চিনাবাদামের ‘ফারালি’ চাটনি
এই রেসিপি বেশ কিছুটা আলাদা। প্রাথমিক উপকরণগুলি ছাড়া কেবল সেদ্ধ আলু ও লেবুর রসের দরকার পড়বে এতে।

ভাজা চিনাবাদাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরে ও নুন মিক্সারে দিয়ে বেটে নিন। এবার সেদ্ধ আলু হাতে চটকে মেখে, তার সঙ্গে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। অল্প অল্প জল দিয়ে চাটনির মতো ঘনত্ব তৈরি করুন। শেষে লেবুর রস মিশিয়ে পরিবেশন করুন। এমন বিরল স্বাদের চাটনি একবার খেলে, বারবার খেতে মন চাইবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement