shono
Advertisement
Sawan Sombar

শ্রাবণের শেষ সোমবার পাতে পড়ুক দেশের নানা প্রান্তের স্বাদ, রইল ৩ অনন্য নিরামিষ রেসিপি

শ্রাবণে একঘেয়ে সাবুদানা-ফলাহারে ক্লান্ত হয়ে গেলে বানিয়ে নেওয়া যায় একেবারে ভিন্ন স্বাদের নিরামিষ আহার।
Published By: Utsa TarafdarPosted: 02:24 PM Aug 08, 2026Updated: 03:18 PM Aug 08, 2026

শ্রাবণ জুড়ে নিরামিষ রান্নার ধুম। একঘেয়ে সাবুদানা-ফলাহারে ক্লান্ত হয়ে গেলে বানিয়ে নেওয়া যায় একেবারে ভিন্ন স্বাদের নিরামিষ আহার। আজ রইল এমনই ৩ অনন্য রেসিপির সন্ধান। তা বাঙালি স্বাদের সঙ্গে ঠিক না মিললেও, ভারতের বিভিন্ন এলাকায় শ্রাবণ উদযাপনে রান্না হয় (Sawan Sombar)।

Advertisement

আলু-বাদামের ‘মিসাল’

১। আলু-বাদামের ‘মিসাল’
মুম্বইয়ে পাওভাজির সঙ্গত হিসেবে মাখো মাখো ‘মিসাল’ খাওয়া হয়ে থাকে। বানাতে প্রয়োজন—
• সেদ্ধ আলু - ৩০০ গ্রাম
• ভাজা চিনাবাদাম - ১৫০ গ্রাম
• ঘি - ২ টেবিলচামচ
• জিরে - ১ চা-চামচ
• কাঁচা লঙ্কা কুচি - ২টি
• আদা কুচি - ১ টেবিলচামচ
• কারিপাতা
• নারকেল কোরানো - ৫০ গ্রাম
• টক দই - আধ কাপ
• চিনি/গুড় - ১ চা-চামচ
• লেবুর রস - ১ টেবিলচামচ
• ধনেপাতা কুচি - ২ টেবিলচামচ

কড়াইয়ে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। কাঁচা লঙ্কা ও আদা দিয়ে এক মিনিট ভাজুন। সেদ্ধ আলু দিয়ে ২–৩ মিনিট হালকা করে নাড়ুন। এরপর ভাঙা চিনাবাদাম, নারকেল ও ভাজা জিরের গুঁড়ো মেশান। লবণ দিয়ে, জল ঢেলে ৮–১০ মিনিট ফুটতে দিন। আঁচ কমিয়ে ফেটানো দই ধীরে ধীরে মেশাতে হবে ও ক্রমাগত নাড়তে হবে। সামান্য চিনি/গুড় দিয়ে, শেষে লেবুর রস মেশান। পুরি-পরোটার সঙ্গে দিব্যি লাগে এই মিসাল।

সামা চাল ও নারকেলের পোলাও

 

২। সামা চাল ও নারকেলের পোলাও
সামা চালের খিচুড়ি বাংলায় খাওয়া হয় এমনিতেও। তবে এই পোলাও বানাতে দরকার পড়বে—
• সামা চাল - ১ কাপ
• ঘি - ২ টেবিলচামচ
• নারকেল কোরানো - অর্ধেক কাপ
• ভাজা চিনাবাদাম - ৩ টেবিলচামচ
• কাজু - ২ টেবিলচামচ
• কিশমিশ - ১ টেবিলচামচ
• জিরে - অর্ধেক চা-চামচ
• কাঁচালঙ্কা - ১টি
সামা চাল ভালোভাবে ধুয়ে, ১০ মিনিট ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে ২ কাপ জলে রান্না করুন। চাল নরম হলে জল ঝরিয়ে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। কাজু, চিনাবাদাম ও কিশমিশ হালকা ভেজে নারকেল ও কাঁচালঙ্কা দিন। এক মিনিট নেড়ে রান্না করা চাল মিশিয়ে দিন। লবণ দিয়ে আরও ২–৩ মিনিট রান্না করুন। যে কোনও নিরামিষ তরকারির সঙ্গে খাওয়া যেতে পারে।

নারকেল-মাখানার ক্ষীর

 

৩। নারকেল-মাখানার ক্ষীর
মাখানার ক্ষীর খাওয়া চলেই শ্রাবণ মাসে। তাতে নারকেল মেশালে বাড়তি স্বাদ যোগ হয়। এমন ক্ষীর বানাতে প্রয়োজন—
• মাখানা - ৫০ গ্রাম
• ফুল-ফ্যাট দুধ - ৫০০ মিলিলিটার
• নারকেল কোরানো - ৩ টেবিলচামচ
• গুড় - ৩ টেবিলচামচ
• ঘি - ১ চা-চামচ
• কাজু কুচি - ২ টেবিলচামচ
• এলাচ গুঁড়ো - অর্ধেক চা চামচ
ঘিয়ে মাখানা ৩–৪ মিনিট ভেজে নিন। দুধ কম আঁচে ১০–১২ মিনিট ফুটতে দিন। এরপর মাখানা ও নারকেল দিয়ে আরও ৫ মিনিট ফোটান। আঁচ বন্ধ করে সামান্য ঠান্ডা হলে গুড় মেশান। শেষে এলাচ ও কাজু দিয়ে পরিবেশন করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement