shono
Advertisement
Mohun Bagan

এবার মোহনবাগান দিবসে উদযাপনে বিশেষ চমক, বৈঠকে ঘোষিত 'মোহনবাগান রত্নে'র নামও

দু'দিন ধরে উদযাপিত হবে আসন্ন মোহনবাগান দিবস। এবার মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হবেন প্রয়াত অঞ্জন মিত্র। বুধবার গোষ্ঠ পাল সরণির সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সমিতির ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Published By: Prasenjit DuttaPosted: 08:23 PM Jun 24, 2026Updated: 08:47 PM Jun 24, 2026

দু'দিন ধরে উদযাপিত হবে আসন্ন মোহনবাগান (Mohun Bagan) দিবস। এবার মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হবেন প্রয়াত অঞ্জন মিত্র। বুধবার গোষ্ঠ পাল সরণির সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সমিতির ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের শুরুতে প্রয়াত মোহনবাগান রত্ন স্বপন সাধন (টুটু) বোসর স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Advertisement

ক্লাব সূত্রের খবর, ২৯ জুলাই মোহনবাগান মাঠে ঐতিহ্যবাহী পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। পাশাপাশি প্রাক্তন মোহনবাগান ফুটবলারদের নিয়ে একটি প্রদর্শনী ম্যাচও হবে। ৩০ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন মোহনবাগান দিবস উপলক্ষে পুরস্কারপ্রাপকদের নামও ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ সম্মান 'মোহনবাগান রত্ন' পাচ্ছেন প্রয়াত অঞ্জন মিত্র।

দীর্ঘদিন মোহনবাগানের অন্যতম কাণ্ডারি ছিলেন অঞ্জন মিত্র। ২০১৯ সালে প্রয়াত হন তিনি। ১৯৯৫ সালে মোহনবাগান ক্লাবের প্রশাসনের সঙ্গে যুক্ত হন তিনি। পরে ক্লাবের সচিবও হন। টুটু বোসের সঙ্গে তাঁর বন্ধুত্বের গল্প কার্যত মিথে পরিণত হয়েছিল। সবুজ-মেরুনের বহু উত্থানপতনের সাক্ষী ছিলেন তিনি। ২০২৬-এ মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করা হবে তাঁকে।

অঞ্জন মিত্র। ফাইল ছবি।

২০২৫-২৬ মরশুমের সেরা ফুটবলারের (শিবদাস ভাদুড়ি পুরস্কার) সম্মান পাচ্ছেন আলবার্তো রডরিগেজ। সেরা ফরোয়ার্ড (সুভাষ ভৌমিক পুরস্কার) নির্বাচিত হয়েছেন লিস্টন কোলাসো। সেরা যুব ফুটবলারের পুরস্কার সুহেল আহমেদ ভাটের। এছাড়া সেরা ক্রীড়া সাংবাদিক হিসাবে (মতি নন্দী পুরস্কার) সম্মানিত হবেন গৌতম ভট্টাচার্য। সেরা ক্রীড়া সংগঠকের (অঞ্জন মিত্র পুরস্কার) মরণোত্তর সম্মান পাচ্ছেন গোপীনাথ ঘোষ।

সেরা রেফারি অ্যাওয়ার্ড পাচ্ছেন সাগর সেন। হকির বর্ষসেরা কেশব দত্ত পুরস্কার পাচ্ছেন মহম্মদ রহিল মহসিন। অ্যাথলেটিক্সে প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার পাচ্ছেন তাহুরা খাতুন। ক্রিকেটে অরুণ লাল পুরস্কার পাচ্ছেন অভিষেক রমন। বিশেষ সংবর্ধনা দেওয়া হবে বাংলার ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারকে। সেরা সমর্থকের (উমাকান্ত পালধি পুরস্কার) পুরস্কার পাচ্ছেন রাজীব রায় ও সৌরভ ঘোষ চক্রবর্তী। আজীবন সম্মাননা দেওয়া হবে প্রতাপ ঘোষকে। বৈঠকে সর্বসম্মতিক্রমে মোহনবাগান রত্ন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অসিত চট্টোপাধ্যায়কে ক্লাবের সহ-সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement