ডুরান্ড ফাইনালে ডার্বি হারের পর বুধবার ঘরোয়া লিগে নামতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। লিগ টেবিলে সাত ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান। সুপার সিক্সে উঠতে হলে পরবর্তী ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ বাস্তব রায়ের ছেলেদের। ডার্বি হারের হতাশা কাটিয়ে এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ব্রিগেড। সূত্রের খবর, ঘরোয়া এই ম্যাচে শুভাশিস বসু, লিস্টন কোলাসো, দীপক টাংরি, অ্যালেক্স সাজির মতো বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলাতে পারে মোহনবাগান।
যদিও জর্জও খুব একটা ভালো অবস্থায় নেই। তারাও আট ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় ও একটি ম্যাচে ড্র করেছে। বাকি ছয়টি ম্যাচই হারতে হয়েছে জর্জকে। ফলে তাদের কাছে বুধবারের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। অবনমনের ভ্রুকুটি থেকে বেরিয়ে আসার জন্য এই ম্যাচে পয়েন্ট হারাতে চাইবেন না জোস ব্যারেটোর ছেলেরা।
তবে এই ম্যাচে সবুজ-মেরুন শিবিরের চিন্তা বাড়াতে পারেন প্রাক্তন তারকা ফুটবলার ও বর্তমান জর্জ কোচ জোস ব্যারেটো। গত মরশুমে বিএসএলে কোচিং করিয়ে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন ব্যারেটো। তারপর এই মরশুমে দায়িত্ব নিয়েছেন জর্জের। বুধবার নিজের পুরনো দলের বিরুদ্ধে নামার আগে তিনি বলেন, “ডুরান্ডের ডার্বি হারলেও মোহনবাগান এই ম্যাচটায় ঘুরে দাঁড়াতে চাইবে। তাই সতর্ক থাকতে হবে আমাদের। এটা অস্বীকার করার উপায় নেই যে ঘরোয়া লিগেও ওদের দলের বাজেট আমাদের থেকে অনেক বেশি। যদিও এই ম্যাচে আমি ছেলেদের বলেছি শেষ পর্যন্ত লড়াই করে যেতে।” এবারের লিগে সবুজ-মেরুন জার্সি গায়ে ধারাবাহিকতা দেখাচ্ছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। বুধবারও তিনি ভরসা মোহনবাগানের।
