shono
Advertisement
East Bengal

ছুটছে বিজয়রথ! কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

রেলওয়ে এফসি-কে হারাতে লাল-হলুদ ব্রিগেডকে পায়ের ঘাম মাথায় ফেলতে হল।
Published By: Prasenjit DuttaPosted: 05:06 PM Jul 18, 2026Updated: 05:30 PM Jul 18, 2026

ইস্টবেঙ্গল ১ (জেসিন)
রেলওয়ে এফসি ০

Advertisement

প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ৩ গোলে উড়িয়ে কলকাতা লিগের অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচেও জয়যাত্রা অব্যাহত রাখে গতবারের চ্যাম্পিয়নরা। এবার তৃতীয় ম্যাচের পালা। ঘরের মাঠে এদিনও অপ্রতিরোধ্য কোচ বিনো জর্জের ছেলেরা। যদিও রেলওয়ে এফসি-কে হারাতে লাল-হলুদ ব্রিগেডকে পায়ের ঘাম মাথায় ফেলতে হল।

শনিবার শুরু থেকে আক্রমণের ঝাঁজ বাড়ায় মশাল ব্রিগেড। এই লাল-হলুদের অন্যতম ভরসা পুরনো মুখ জেসিন টিকে। তাঁর সঙ্গে ছিলেন চাকু মাণ্ডি। তবে এদিন তন্ময় দাস, পিভি বিষ্ণুরা মাঠে ছিলেন না। যদিও এতে খেলার গতি কমেনি ইস্টবেঙ্গলের। শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলেন বিনো জর্জের ছাত্ররা। কিন্তু কিছুতেই কাজের কাজটা হচ্ছিল না।

একাধিক সুযোগ হারাচ্ছিল লাল-হলুদ বাহিনী। বেশ কিছু ওপেন হেডার থেকে গোলের সুযোগ হারায় তারা। পাল্লা দিয়ে খেলছিল রেলওয়ে এফসি-ও। পালটা আক্রমণে উঠে আসছিল তারাও। তবে প্রাধান্য বেশি ছিল ইস্টবেঙ্গলেরই। তবে রেলের বজ্রআঁটুনিতে বারবার আটকে যাচ্ছিল মশাল ব্রিগেড। কোনও গোল হয়নি প্রথমার্ধে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল পায় ইস্টবেঙ্গল। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেসিন টিকে। ম্যাচে ফেরত আসার চেষ্টা করে রেলওয়ে। তবে সজাগ লাল-হলুদ রক্ষণে ফাটল তৈরি হয়নি। তবে দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে বিনো জর্জের ছেলেরা এগিয়ে ছিলেন। মাঝমাঠের প্রাধান্য নিয়েই খেলেন তাঁরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হারান জেসিন। ৭৫ মিনিটে দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয় ইস্টবেঙ্গলের। এরপর কোনও গোল না হলেও কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মশাল ব্রিগেড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement