আরও বিপাকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। এবার তাঁর বিরুদ্ধে আইনজীবীর উপর হামলায় মদত দেওয়ার অভিযোগ উঠল। এই মর্মে বাপ্পাদিত্যের নামে পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই আইনজীবী। তাঁর দাবি, মামলা থেকে সরে যাওয়ার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। এমনকী ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ ওই আইনজীবীর। তাঁর কথায়, পুরো ঘটনার সঙ্গে যুক্ত তৃণমূল নেতার লোকজনই। ঘটনায় পুলিশ যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় সেই আবেদন জানিয়েছেন আক্রান্ত আইনজীবী।
কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বাপ্পাদিত্য। এককালে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল স্থানীয়দের। ব্যাপক তোলাবাজির পাশাপাশি ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে।
রাজ্যে পালাবদলের পরই দুর্নীতি, তোলাবাজির অভিযোগে একাধিক তৃণমূল নেতা, কাউন্সিলর এখন পুলিশের জালে। সেই তালিকায় ছিলেন বাপ্পাদিত্যও। তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে কয়েকমাস আগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলার সঙ্গে ওই আইনজীবী যুক্ত। অভিযোগ, এই সংক্রান্ত মামলা থেকেই সরে যেতে বারবার হুমকি দেওয়া হচ্ছে। এরপরই গোটা ঘটনা পাটুলি থানার ওসি, কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশের শীর্ষ আধিকারিকদের লিখিতভাবে জানান আইনজীবী। জানা যায়, এই সংক্রান্ত অভিযোগ জানাতেই পাটুলি থানায় যাচ্ছিলেন ওই আইনজীবী। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী হঠাৎ করেই তাঁর উপর চড়াও হয়। ছুরি নিয়ে চলে হামলা। রক্তাক্ত হন আইনজীবী। ঘটনায় রীতিমতো আতঙ্কে তিনি। দুষ্কৃতীরা বাপ্পাদিত্যের নাম করায় ওই আইনজীবীর মনে হয়েছে, তারা তাঁদেরই অনুগামী। ঘটনায় দ্রুত এফআইআর দায়ের করে ঘটনায় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন ওই আইনজীবী।
কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বাপ্পাদিত্য। এককালে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল স্থানীয়দের। ব্যাপক তোলাবাজির পাশাপাশি ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে এই কাউন্সিলরের বিরুদ্ধে। অতীতে দুর্নীতি মামলার তদন্তে তাঁকে জেরা করেছিল সিবিআই। সরকার বদলের পর ওই এলাকায় তৃণমূল নেতার নামে একের পর এক অভিযোগ জমা পড়ে থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই বাপ্পাদিত্যকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছেন তৃণমূলের প্রাক্তন এই কাউন্সিলর। এর মধ্যেই আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগে নয়া অভিযোগ বাপ্পাদিত্যের নামে।
