shono
Advertisement
East Bengal

আমুলের সঙ্গে চুক্তি হচ্ছে না, নতুন বিনিয়োগকারী নিয়ে অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের

শোনা যাচ্ছিল নতুন বিনিয়োগকারী হিসাবে বিখ্যাত দুগ্ধজাত সংস্থা আমুলের নাম। কিন্তু সে গুড়ে বালি। জানা গিয়েছে, আমুলের সঙ্গে কোনওরকম চুক্তি হচ্ছে না লাল-হলুদের। 
Published By: Prasenjit DuttaPosted: 06:52 PM Jul 11, 2026Updated: 09:05 PM Jul 11, 2026

আগামী মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) স্পনসর থাকবে না ইমামি, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এই আবহে শোনা যাচ্ছিল, নতুন বিনিয়োগকারী হিসাবে বিখ্যাত দুগ্ধজাত সংস্থা আমুলের নাম। কিন্তু সে গুড়ে বালি। জানা গিয়েছে, আমুলের সঙ্গে কোনওরকম চুক্তি হচ্ছে না লাল-হলুদের। 

Advertisement

সম্প্রতি ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, প্রবল আর্থিক দায়ভার এবং ভারতীয় ফুটবলের অনিশ্চিত ভবিষ্যতের কারণে ইমামি নতুন মরশুমে আর প্রধান বিনিয়োগকারী হিসাবে থাকতে আগ্রহী নয়। এরপরই সম্ভাব্য নতুন বিনিয়োগকারী হিসেবে আমুলের নাম সামনে আসে। পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বড় বিনিয়োগের ঘোষণা দেওয়া সংস্থাটি ভবিষ্যতে বাংলার ফুটবলেও আগ্রহ দেখাতে পারে বলে জল্পনা তৈরি হয়। যদিও আপাতত ইস্টবেঙ্গলের সঙ্গে তারা গাঁটছড়া বাঁধছে না।

উল্লেখ্য, এর আগে ইন্ডিয়ান সুপার লিগ কেরালায় টাইটেল স্পনসর হিসাবে যুক্ত হয়েছে আমুল। তবে কোনও ফুটবল ক্লাবে সরাসরি বিনিয়োগ করেনি তারা। অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারীলাল লোহিয়ার সংস্থা জুপিটার ওয়াগন নতুন মরশুমে বড় অঙ্কের স্পনসরশিপ দিতে চলেছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি, প্রাক্তন প্রধান বিনিয়োগকারী ইমামিও ক্লাবের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করে সাধারণ স্পনসর হিসাবে যুক্ত থাকতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, শুক্রবার বিশ্বকাপের আবহেই বড়সড় চমক দিয়েছিল মোহনবাগান। লাল-হলুদ ক্লাবের ঘোর ভেঙে আইএসএলের গত মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে গোল্ডেন বল জেতা ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে দু’বছরের চুক্তিতে দলে নেয় সবুজ-মেরুন। এর এক দিন পেরতে না পেরতেই জানা গেল, বিখ্যাত দুগ্ধজাত সংস্থা আমূলের সঙ্গে কোনওরকম চুক্তি হচ্ছে না মশাল ব্রিগেডের। এখন দেখার, প্রধান বিনিয়োগকারী হিসাবে কাদের সঙ্গে চুক্তি হয় লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement