বিশ্বকাপে (FIFA World Cup 2026) দু'টো ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল। নকআউটের দৌড়ে অনেকখানি এগিয়ে গিয়েছে। কিন্তু সেলেকাওয়ের প্রধান ভরসা নেইমারের (Neymar) দেখা নেই। চোটের কারণে প্রথম দুটো ম্যাচে তাঁকে নামানো যায়নি। এই নিয়ে ফুটবলমহলে চলছে জোর চর্চা। এবার নিজের দেশের তারকাকে নিয়েই তুমুল কটাক্ষ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সাফ জানালেন, বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে 'ওয়ার্ক ফ্রম হোম' করছেন নেইমার!
দেশের জনস্বাস্থ্য পরিকাঠামোর জন্য বিনিয়োগের ঘোষণা করতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন লুলা। সেখানেই আমজনতার সঙ্গে কথা বলেন। এক কিশোরকে প্রশ্ন করেন, ব্রাজিলের স্কোয়াডে সবচেয়ে ভালো ফুটবলার কে? উত্তরে 'নেইমার' শুনেই হেসে ফেলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তারপর বলেন, "নেইমার তো খেলছেই না বাবা। আসলে নেইমার বিশ্বে প্রথম ওয়ার্ক ফ্রম হোম করে জাতীয় দলে খেলছে। বলা যেতে পারে, ওয়ার্ক ফ্রম হোম প্লেয়ার।" এখানেই শেষ নয়। লুলা আরও বলেন, এআই দিয়ে এগারোটা পেলে তৈরি করে জাতীয় দল গড়তে হবে এমন মিমও দেখেছেন তিনি।
উল্লেখ্য, প্রায় একমাস আগে শেষবার ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন নেইমার। স্যান্টোসের হয়ে সেই ম্যাচে কাফ মাসলে চোট পাওয়ার পর যে নেইমার জাতীয় দলে ডাক পাবেন সেটাই অনেকে ভাবেননি। কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ার পরে জানা যায়, নেইমারের চোট আসলে অনেকটাই গুরুতর। সেকারণে মরক্কোর বিরুদ্ধে ম্যাচে ডাগআউটে দেখা গিয়েছিল নেইমারকে। কিন্তু ফিলাডেলফিয়ায় হাইতির বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচের সময় নেইমার রিকভারির জন্য ছিলেন নিউ জার্সিতে। দলের সঙ্গে যাননি।
এবার অবশ্য 'ওয়ার্ক ফ্রম হোম' তকমা ঘোচাতে চলেছেন নেইমার। আগামী ২৫ জুন, মায়ামি স্টেডিয়ামে গ্রুপ ‘সি’তে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে। সেখানে খেলতে পারেন স্যান্টোস তারকা। ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি বলেন, “নেইমার কাল আলাদা করে অনুশীলন করবে। সোমবার থেকে দলের সঙ্গে দেখা যাবে। স্কটল্যান্ড ম্যাচে ওকে পাওয়া যাবে।" নেইমার না থাকায় ব্রাজিলকে কার্যত বয়ে নিয়ে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। তাঁর উপর এবার চাপ কমতে পারে।
