shono
Advertisement

Breaking News

Cristiano Ronaldo Retirement

এটাই লাস্ট ডান্স, বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! বোনের ঘোষণা নিয়ে মুখ খুললেন সিআর সেভেন

তাঁর সামনে এখন হাজার গোলের মাইলফলক ছোঁয়ার হাতছানি, এখন কি সত্যি অবসর নেবেন রোনাল্ডো?
Published By: Subhajit MandalPosted: 11:08 AM Jul 03, 2026Updated: 03:14 PM Jul 03, 2026

বিশ্বকাপের ইতিহাসে বয়স্কতম ফুটবলার হিসাবে গোল। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে স্নায়ুর চাপ সামলে বিপক্ষের জালে বল জড়ানো। ৪১ বছরের 'বুড়ো'র লড়াইকে কুর্নিশ জানাচ্ছে তামাম ফুটবলদুনিয়া। তখনই তাঁর বোনের হৃদয়ভাঙা ঘোষণা। বিশ্বকাপের (FIFA World Cup 2026) পর সম্ভবত আর পর্তুগালের জার্সি গায়ে চাপাবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)। ঘোষণা করেছেন সিআর সেভেনের বোন কাতিয়া আভিয়েরা। যদিও রোনাল্ডো মুখে বলছেন, এখনই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত তিনি নিতে চান না। তবে সেটা সম্ভবত দলের ফুটবলারদের মনোবল ধরে রাখতে, ভক্তকূলকে সান্ত্বনা দিতে।

Advertisement

এখন রোনাল্ডোর বয়স ৪১। আগামী বিশ্বকাপ পর্যন্ত বয়স দাঁড়াবে ৪৫। ফলে আর পর্তুগালের জার্সিতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই। এটাই যে তাঁর শেষ বিশ্বকাপ হবে, সেটা আগেই জানিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। দীর্ঘ ফুটবল কেরিয়ারে একবার ইউরো কাপ ও দু’বার উয়েফা নেশনস লিগ জিতেছেন। শুধু বাকি বিশ্বকাপ জয়। সেই অধরা মাধুরী এবার ছুঁয়ে দেখতে চান রোনাল্ডো। তিনি জানেন, এটাই শেষ সুযোগ তাঁর। তাই নিজেকে উজার করে দিচ্ছেন। বিশ্বকাপ ছাড়া কেরিয়ারে আরও পাওয়ার কিছু নেই। তাই বিশ্বকাপের পর খেলা চালিয়ে যাওয়াটাও অর্থহীন। অন্তত রোনাল্ডোর বোন কাতিয়া তাই মনে করছেন।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন, "আমি যতদিন জানি খুব শিগগির রোনাল্ডো বিদায় জানাবে। ওঁর মতো দ্বিতীয় কাউকে সহজে পাবেন না। তাই ওকে উপভোগ করে নিন।" কিন্তু রোনাল্ডো এখনই অবসর নেবেন? এখনও তো দলকে জেতাতে পারেন তিনি। এখনও তো তাঁর মুখ চেয়ে টিভির সামনে বসেন হাজার হাজার ভক্ত। তাছাড়া তাঁর সামনে এখন হাজার গোলের মাইলফলক ছোঁয়ার হাতছানি। কাতিয়া বলছেন, "আমি যতদূর জানি ও হয়তো জাতীয় দলকে বিদায় জানাবে বিশ্বকাপের পরই। হ্যাঁ আজই হয়তো বিদায়ের কথা জানিয়ে দেবে না। কিন্তু শীঘ্রই ওই সিদ্ধান্ত জানতে পারবেন।"

সত্যিই কি অবসর নিচ্ছেন? বোনের ঘোষণায় ভক্তকুল যখন বিমর্ষ, কিঞ্চিত আশার কথা শোনালেন রোনাল্ডো। বললেন, "আমি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিই না। টুর্নামেন্ট চলাকালীন কোনও সিদ্ধান্ত নেব না।" অতএব এখনই ভাবার কিছু নেই। কিন্তু ক্রিশ্চিয়ানোর কথাগুলো কেমন যেন সান্ত্বনার মতো শোনাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement