সাফল্য কীভাবে সব কিছু বদলে দেয়। তাই চ্যাম্পিয়নরা বলেন, যে কোনও মন খারাপের একটাই ওষুধ, সাফল্য, সাফল্য আর সাফল্য। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র। ২০ বছরের বর্ণময় কেরিয়ার। মাঠে, মাঠের বাইরে ড্রেসিংরুমে জুনিয়র ফুটবলারদের কাছে আদর্শ তিনি। ছ'টি বিশ্বকাপে (FIFA World Cup 2026) গোল করার নজিরও গড়েছেন। এবার সেই সম্মানে দুর্দান্ত উদ্যোগ নাইকির। তারা রোনাল্ডোকে (Ronaldo) 'উপহার' দিয়েছে বিশেষ সংস্করণের সোনালি বুট - ‘গোল্ড স্করপিয়ন’। যা পরে অনুশীলনও করেছেন সিআর৭।
অনুশীলনে রোনাল্ডো। ছবি সংগৃহীত।
গোল্ড মার্কারিয়াল সুপারফ্লাই আরজিএন ফুটবল বুট উন্মোচন করেছে মার্কিন ক্রীড়া সামগ্রী সংস্থা। আজীবন নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ রোনাল্ডো। জানা গিয়েছে, রোববার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে বিশেষ এই বুট পরে মাঠে নামতে পারেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোনালি ও সাদা রঙের দারুণ সংমিশ্রণে তৈরি এই বুট। এতে রয়েছে ৩/৪-দৈর্ঘ্যের এয়ার জুম ইউনিট। পায়ের ভালো সাপোর্টের জন্য ফ্লাইওয়্যার প্রযুক্তি এবং বল নিয়ন্ত্রণ সহজ করতে নরম আপার।
বিশেষ সংস্করণের এই বুটের দাম কত? ৩০০ মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার ৩৪৩ টাকা। বুধবার গোটা বিশ্বে এই বুট বাজারে আনা হয়। এর আগের দিনই উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে জেতে পর্তুগাল। জোড়া গোল করেন রোনাল্ডো। সেই ম্যাচেই তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে ছ'টি বিশ্বকাপ আসরে গোল করার অনন্য নজির গড়েন। পর্তুগিজ মহাতারকার পাশাপাশি গোল করেন নুনো মেন্দেস, রাফায়েল লেয়াও। আরেকটি গোল আত্মঘাতী।
নাইকির বিশেষ বুট। ছবি সংগৃহীত।
ম্যাচ শেষে রোনাল্ডো বলেন, "দল খুব ভালো খেলেছে। আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ব্যক্তিগত রেকর্ড অবশ্যই ভালো লাগে। কিন্তু আমার মূল লক্ষ্য সবসময় জাতীয় দলকে লক্ষ্য অর্জনে সাহায্য করা।" উল্লেখ্য, কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য শুক্রবার দুপুরেই মায়ামিতে পা দিতে চলেছে রোনাল্ডো-সহ পুরো পর্তুগাল টিম। সেখানে গোটা দল অনুশীলন করেছে। আপাতত লক্ষ্য একটাই, রাউন্ড অফ ৩২-এ নামার আগে কলম্বিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া।
