স্ক্রিনের সংখ্যা বৃদ্ধি থেকে সিনেমাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা করল কেন্দ্র।
সোমবার নয়াদিল্লিতে আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। চলচ্চিত্র নির্মাণ, বিতরণ এবং প্রযুক্তিগত সমন্বয় ব্যবস্থা জোরদার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একটি কমিটি গঠন করেছে কেন্দ্র, যার সভাপতিত্ব করবেন বলিউডের স্বনামধন্য গীতিকার ও লেখক প্রসূন যোশী। এই কমিটি ভারতীয় চলচ্চিত্রের বিভিন্ন সুযোগ এবং চ্যালেঞ্জগুলি পর্যালোচনা করবে। শুধু তাই নয়, কীভাবে ভারতীয় সিনেমাকে শক্তিশালী করা যায়, বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা যায় ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার-সহ একাধিক বিষয়ে পরামর্শ দেবে এই কমিটি। পাশাপাশি, দেশজুড়ে স্ক্রিনের সংখ্যা বাড়ানো হবে বলেও খবর।
সিনেমা ও থিয়েটার পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন অনুমোদনের ক্ষেত্রে বিভিন্ন রাজ্য ভিন্ন ভিন্ন নিয়ম রয়েছে। বিশেষ করে ছোট শহর ও গ্রামাঞ্চলে সিনেমা পরিকাঠামোর বিকাশ সেভাবে হচ্ছে না। এহেন পরিস্থিতির উন্নতির জন্য একগুচ্ছ আদর্শ নিয়মাবলী প্রস্তুত করেছে কেন্দ্র। ইতিমধ্যেই সেই নিয়মাবলী রাজ্যগুলিকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
