shono
Advertisement
FIFA World Cup 2026 final

কলকাতা থেকেই শুরু বিশ্বজয়ের উড়ান, ফাইনালের গোলদাতা তোরেসের উত্থানে জড়িয়ে ভারতও

অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলেই ফাইনালের নিষ্পত্তি হয়েছে। গোটা ফুটবল মহলে চর্চা চলছে স্প্যানিশ তরুণকে নিয়ে। বার্সা তারকা খুব তাড়াতাড়িই স্পেনের জাতীয় নায়ক হয়ে উঠবেন, আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে উচ্চারিত হবে তাঁর নাম এমনটা ধরে নেওয়াই যায়।
Published By: Anwesha AdhikaryPosted: 01:09 PM Jul 20, 2026Updated: 06:19 PM Jul 20, 2026

দ্বিতীয়বার বিশ্বজয়ী স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের (Ferran Torres) একমাত্র গোলেই ফাইনালের নিষ্পত্তি হয়েছে। গোটা ফুটবল মহলে চর্চা চলছে স্প্যানিশ তরুণকে নিয়ে। বার্সা তারকা খুব তাড়াতাড়িই স্পেনের জাতীয় নায়ক হয়ে উঠবেন, আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে উচ্চারিত হবে তাঁর নাম এমনটা ধরে নেওয়াই যায়। কিন্তু ফুটবলপ্রেমীদের অনেকেই জানেন না, এই ফেরান তোরেস প্রচারের আলোয় এসেছিলেন ভারত থেকেই। আজ জাতীয় নায়ক হয়ে ওঠার শুরুটা খাস কলকাতায়।

Advertisement

২৬ বছর বয়সি তোরেস বর্তমানে খেলেন বার্সেলোনায়। তবে তাঁর ফুটবলে হাতেখড়ি ভ্যালেন্সিয়া থেকে। ছোটবেলা থেকে ভ্যালেন্সিয়ার অ্যাকাডেমিতে খেলতেন। সেখান থেকে বয়সভিত্তিক জাতীয় দলে সুযোগ করে নেন। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপেও তিনি জায়গা পান স্পেনের জাতীয় দলে। বিশ্বকাপ খেলতে চলে আসেন ভারতের মাটিতে। রবিবার বিশ্বকাপ ফাইনালের (FIFA World Cup 2026 Final) প্রবল চাপ নিয়েও ঠান্ড মাথায় খেলেছেন তোরেস। তবে তাঁর জীবনের প্রথম বিশ্বকাপ ফাইনালটি তিনি খেলেছিলেন কলকাতার বুকে।

২০১৭ বিশ্বকাপ অভিযানের শুরুটা ভালো হয়নি স্প্যানিশ ব্রিগেডের। ২-১ গোলে হারতে হয় ব্রাজিলের বিরুদ্ধে। কিন্তু কামব্যাক কীভাবে করতে হয় সেটা অনূর্ধ্ব ১৭ দলে থেকেই শিখে নিয়েছিলেন তোরেস। গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচ জেতে স্পেন। নকআউটেও পরপর জিতে ফাইনালে উঠে যান ফেরান তোরেসরা। ততদিনে বিশ্বকাপে দু'টো গোল করে ফেলেছেন তিনি, রয়েছে জোড়া অ্যাসিস্টও। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুকে নিয়ে কলকাতায় পা রেখেছিলেন তোরেস। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ এগিয়েও গিয়েছিল স্পেন। কিন্তু শেষ পর্যন্ত ৫-২ বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়েন তোরেসরা।

কিন্তু জীবনের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর ভুল হল না স্প্যানিশ তারকার। গোল নষ্টের প্রবণতার অভিযোগে বারবার বিদ্ধ হয়েছেন। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগটা তোরেস কাজে লাগালেন। নিকো উইলিয়ামসের বাড়ানো দারুণ বল জড়িয়ে দিলেন জালে। বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা হিসাবে স্বর্ণাক্ষরে লেখা হল ফেরান তোরেসের নাম। ফুটবল বিশ্বের মনে পড়ল, অক্টোবরের এক বিকেলে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন থেকেই শুরু হয়েছিল এই ফেরানের স্বপ্নের উড়ান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement