জার্মানি কোচ জুলিয়ান নাগেলসম্যানের সামনে এখন দু’টো পথ রয়েছে। গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেলেছে চারবারের চ্যাম্পিয়নরা। ইকুয়েডরের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ কার্যত নিয়মরক্ষার। ফলে একদিকে নকআউটে নামার আগে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষার সুযোগ রয়েছে নাগেলসম্যানের সামনে। আবার টানা জয়ের ছন্দ যাতে বিগড়ে না যায়, সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে জার্মানি হেডস্যরকে।
আসলে বিশ্বকাপে তেমন কিছু করতে না পারলেও ইকুয়েডরের ডিফেন্স অন্যতম সেরা। লাতিন আমেরিকায় যোগ্যতা অর্জন পর্বে আঠারো ম্যাচে মাত্র পাঁচটা গোল খেয়েছে তারা। সেখানে শেষ ম্যাচে আইভরি কোস্টের বিরুদ্ধে কোনওরকমে জিতেছে জার্মানি। তবে যা খবর, কিছু পরিবর্তনের পথেই হাঁটতে চলেছেন নাগেলসম্যান। নিকো স্লটারবেকের চোট। বিশ্বকাপে আর নেই এই ডিফেন্ডার। বদলে আন্তোনিও রুদিগারের খেলার সম্ভাবনা প্রবল। ফরোয়ার্ড লাইনে নিক ওয়াল্টমেড শুরু থেকে খেলতে পারেন। গোলে ম্যানুয়েল ন্যয়ারের বদলে আসতে পারেন অলিভার বাউম্যান। সঙ্গে লিওন গোরেৎজা, নুয়ান আমিরিদেরও দেখে নেওয়া হতে পারে।
তবে একটা বিষয় স্পষ্ট। জামাল মুসিয়ালাকে বিশ্রাম দিয়ে শুরু থেকে খেলবেন ডেনিজ উন্দাভ। যে পরিবর্তনের স্বপক্ষে বার্তা দিয়েছেন স্বয়ং যুরগেন ক্লিন্সম্যান। “ডেনিজ যে পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে, সেটা স্বাভাবিক বিষয়। ও শুরু থেকেই খেলতে চাইবে। অবশ্য এই সিদ্ধান্ত কোচ নেবে। আর তার হাতে এমন প্লেয়ার আছে, যারা বেঞ্চ থেকে এসে ম্যাচের রং বদলে দিতে পারে। ফলে যাই হোক না কেন, দলেরই লাভ হবে”, বলে দিয়েছেন প্রবাদপ্রতিম জার্মান প্রাক্তনী। এই বিশ্বকাপে দু’ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে তিন গোল করার পাশাপাশি একটা করিয়েছেন উন্দাভ।
২০০৬ বিশ্বকাপে ক্লিন্সম্যানের আমলে ইকুয়েডরকে হারিয়েছিল জার্মানি। তার দু’দশক পর ফের প্রতিযোগিতায় মুখোমুখি দুই দেশ। সেই প্রতিপক্ষ প্রসঙ্গে দলকে ক্লিন্সম্যানের বার্তা, “ইকুয়েডর কিন্তু ভালো দল। দু’টো ম্যাচে ফলাফল যাই হোক, ওর লড়াই করেছে।” শেষ দু’বার নকআউটে উঠতে পারেনি জার্মানি। এবার জার্মানিকে ফেভারিটের মতো দেখাচ্ছে বলেও মনে করছেন ক্লিন্সম্যান। “দলের খেলা দেখে ভালো লাগছে। বাইরে থেকে মনে হচ্ছে, ফুটবলাররা একে অপরের সঙ্গে মানিয়ে নিয়েছে। ড্রেসিংরুমের পরিবেশ দারুণ। ফুটবলে যদি ভালো কিছু করতে হয়, এসব জরুরি”, বলছেন তিনি। জার্মানির কাছে নিয়মরক্ষার হলেও ম্যাচটা ইকুয়েডরের কাছে বাঁচা-মরার। নকআউটে যাওয়ার জন্য নিউ জার্সিতে ভারতীয় সময় শনিবার ভোরে পুরো পয়েন্ট পেতেই হবে তাদের।
