ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যখন বলেছিলেন, তিনি হ্যারি কেনের (Harry Kane) সঙ্গে গলফ খেলেছেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। অনেকের মনে কৌতূহলও তৈরি হয়েছিল। কেউ আবার প্রশ্ন করেছিলেন, কতটা সত্য বলেছেন মার্কিন প্রেসিডেন্ট? এবার এ বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং ইংল্যান্ড অধিনায়ক। জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে গলফ খেলেছিলেন। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে তিনি জানান, পুরো ঘটনাটি তাঁর কাছে ছিল ‘পরাবাস্তব’ অনুভূতি, যা তিনি সহজে ভুলতে পারবেন না।
চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) এখন পর্যন্ত ছ'টি গোল করেছেন হ্যারি কেন। ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিনি। এর আগে ট্রাম্প বলেন, "হ্যারি কেন অসাধারণ একজন খেলোয়াড়। আমি ওর সঙ্গে গলফ খেলেছি। ওকে আমার খুব ভালো লেগেছে। গলফও খুব ভালো খেলে।" মায়ামিতে শুক্রবারের সাংবাদিক সম্মেলনে কেন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গলফ খেলার ঘটনার কথা সর্বৈব সত্য। তিনি জানান, প্রায় দেড় বছর আগে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের আমন্ত্রণেই গলফ খেলতে গিয়েছিলেন।
কেন বলেন, “সত্যি বলতে, ভালোই খেলেছিলাম। প্রায় ১৮ মাস আগে যখন আমি পাম বিচে ছিলাম, তখন তিনি আমাকে গলফ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রেসিডেন্ট যখন কোথাও আমন্ত্রণ জানান, সেটা তো সহজে ফিরিয়ে দেওয়া যায় না। তাঁর সঙ্গে দেখা করে গলফ খেলতে পারা পরাবাস্তব এক অনুভূতি। সত্যি বলতে, তিনি বেশ ভালো গলফ খেলেন। ট্রাম্পের বয়সে পৌঁছে আমিও যদি তাঁর মতো খেলতে পারি, সেটাই চাই। আমন্ত্রণ জানানোর জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। এটি সত্যিই অনন্য এক অভিজ্ঞতা ছিল। তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে আমি কৃতজ্ঞ।”
জানা গিয়েছে, ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব, ওয়েস্ট পাম বিচেই এই গলফ রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল। এদিকে চলতি বিশ্বকাপেও ট্রাম্পকে ঘিরে নানা আলোচনা হয়েছে। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয়সূচক গোল করার পর ট্রুথ সোশালে কেনকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লিখেছিলেন, "ইংল্যান্ডের হ্যারি কেন একজন অসাধারণ খেলোয়াড়!" উল্লেখ্য, ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে থ্রি লায়ন্স।
