বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই পদত্যাগ করেছিলেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। তাঁর পরিবর্তে পর্তুগালের কোচের দায়িত্বে আসতে চলেছেন জর্জ জেসাস। এই একাত্তর বছর বয়সি পর্তুগিজ কোচ ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হতে পারেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত সরকারি ঘোষণা না হলেও খুব দ্রুত সরকারি ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
জর্জ জেসাস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আল নাসেরে কাজ করেছেন। দীর্ঘদিন বাদে জেসাসের তত্ত্বাবধানেই সৌদি প্রো লিগ জিতেছে রোনাল্ডোর ক্লাব। সিআর সেভেনের ক্লাবের ট্রফিখরা যে কোচের তত্ত্বাবধানে কেটেছে, সেই কোচকেই পর্তুগালের জাতীয় দলে আনার ব্যাপারে একপ্রকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সে দেশের ফুটবল কর্তারা। স্বাভাবিকভাবেই জল্পনা, তাহলে কি জাতীয় দলের জার্সিতে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান রোনাল্ডো? ভুলে গেলে চলবে না, সিআর সেভেন বিশ্বকাপকে বিদায় জানালেও জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেননি।
আসলে বিশ্বকাপে আশানুরূপ ফল করতে পারেনি পর্তুগাল। কাপ হাতে ওঠেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সেপ্টেম্বরে নেশনস লিগ শুরু হওয়ার আগে দলকে ফের এক সুতোয় বাঁধাই বড় কাজ হবে জেসাসের। এই বিশ্বকাপে মার্টিনেজের বাছাই করা ২৬ জন ফুটবলারের মধ্যে ১১ জন ফুটবলারই অতীতে কোনও না কোনও সময় খেলেছেন জেসাসের কোচিংয়ে। ফলে জাতীয় দলের একাধিক ফুটবলার জেসাসের কোচিংয়ের সঙ্গে পরিচিত।
পর্তুগাল সেপ্টেম্বরের শেষে শুরু হওয়া নেশনস লিগে মুখোমুখি হবে ওয়ালেস, নরওয়ে, ডেনমার্কের। জাতীয় দলের হয়ে এই টুর্নামেন্টেই শুরু হবে এই পর্বে কোচ হিসাবে জেসাসের যাত্রা। শুধু আক্রমণেই নয়, জাতীয় দলের রক্ষণ নিয়েও যথেষ্ট নজর দিতে হবে জেসাসকে। এবারের বিশ্বকাপের পরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিয়েছেন, আগামী বিশ্বকাপে তাঁকে আর পাওয়া যাবে না। তবে জাতীয় দল থেকে গোলকিপার জোস সা এবং রুই সিলভারও বয়স হয়ে গিয়েছে। তাঁদের বদলিও খুঁজতে হবে জেসাসকে।
