বিশ্বকাপে গ্রুপ পর্ব টপকাতে পারেনি উরুগুয়ে। দল ব্যর্থ হলেও উইঙ্গার ম্যাক্সিমিলিয়ানো আরাউহো নজর কেড়েছেন। এই বিশ্বকাপে তিন ম্যাচে দুই গোল ও একটি অ্যাসিস্ট রয়েছে। বিশ্বকাপ থেকে দেশে ফিরেই এমন একটি কাজ করে বসলেন এই ফুটবলার। এখন তা নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে আরাউহো। যুক্তরাষ্ট্র থেকে তিনি মন্টিভিদেওর কারাসকো বিমানবন্দরে নেমেছিলেন তিনি। বিমান বন্দর থেকে সরাসরি না বেরিয়ে ট্রাকের পিছনে চড়ে বসেন তিনি। সঙ্গে ছিল তাঁর পরিবারের অন্য সদস্যরাও। এভাবেই বাড়ি ফেরেন আরাউহো।
আপাতত পরিবারের সঙ্গে কিছুদিন ছুটি কাটাবেন বলেই দেশে ফিরেছেন তিনি। মনে করা হচ্ছে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় দেশের জন্য জাতীয় দলের ফুটবলারদের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে এই পরিস্থিতি এড়াতেই অভিনব পন্থা অবলম্বন করলেন তিনি। আরাউহো বর্তমানে খেলেন পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং লিসবনে। এই মুহূর্তে তাঁকে নিতে আগ্রহী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসির মতো বিখ্যাত ক্লাবগুলো। তাঁর যাত্রা শুরু হয়েছিল উরুগুয়ের প্রাচীন ক্লাব মন্তেভিদেও ওয়ান্ডার্সের হয়ে। ক্লাবের হয়ে রক্ষণ সামলালেও তিনি উইংয়েও ধারাবাহিকতা দিয়েছেন জাতীয় দলকে। গ্রুপ পর্বে স্পেনের কাছে হার বাদে বাকি দুই ম্যাচই ড্র করেছে উরুগুয়ে।
দূর থেকে হলেও ভারতের সঙ্গে লতায় পাতায় জড়িয়ে রয়েছেন ম্যাক্সিমিলিয়ানো। তাঁর ঠাকুরদা রেদুলাডো আরাউজো ছিলেন গোয়ার বাসিন্দা। দক্ষিণ গোয়ার গ্রাম থেকে রেদুলাডো প্রথমে পাড়ি দেন অ্যাঙ্গোলায়। সেখান থেকে ব্রাজিল ঘুরে উরুগুয়েতে সংসার পাতেন। ২০২৩ থেকে উরুগুয়ের জাতীয় দলে খেলা শুরু করেন ম্যাক্সিমিলিয়ানো।
