shono
Advertisement
Mbappe FIFA World Cup 2026

ম্যাচ শেষে এমবাপেকে বল ছুড়ে মারলেন গোলরক্ষক, হল না করমর্দনও! বড় বিতর্ক বিশ্বকাপে

নোংরা ফুটবল খেলে জিতেছে ফ্রান্স, মেনে নিয়েছেন এমবাপেও। জিতলেও দলের পারফরম্যান্সে খুব একটা সন্তোষ প্রকাশ করতে পারেননি।
Published By: Subhajit MandalPosted: 09:53 AM Jul 05, 2026Updated: 03:48 PM Jul 05, 2026

বিশ্বকাপে (FIFA World Cup 2026) ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে জোর বিতর্ক। একের পর এক ফাউল, বাজে ট্যাকল, উত্তপ্ত বাক্যবিনিময়, সংঘর্ষ, এমনকী হাতাহাতি। প্রি-কোয়ার্টার ফাইনালের মেগা ম্যাচে ফুটবল যতটা না শিরোনামে এল-তার চেয়েও বেশি শিরোনামে বিতর্ক। এমন পরিস্থিতি তৈরি হল যে প্যারাগুয়ের গোলরক্ষক ওর্ল্যান্ডো গিল ম্যাচ শেষে ফ্রান্স অধিনায়ক এমবাপের (Mbappe) দিকে বল ছুড়ে মারলেন। এমনকী ম্যাচ শেষে গিলের সঙ্গে করমর্দনও করলেন না এমবাপে।

Advertisement

শনিবার রাতে প্রিকোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে কঠিন পরীক্ষায় পড়ে ফ্রান্স। প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে বেশ কষ্ট করতে হয় দিদিয়ের দেশঁর দলকে। আগাগোড়া দাপট বজায় রাখলেও গোলের দেখা মিলল ৭০ মিনিটে গিয়ে। পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপের একমাত্র গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। শারীরিক ফুটবল ও আটসাঁট রক্ষণে প্যারাগুয়ে এতটাই বেগ দেয় ফ্রান্সকে-যে ফরাসি ফুটবলাররা রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিলেন।

খেলা চলাকালীন সংঘর্ষে দুই দল। ফাইল ছবি।

ম্যাচের শেষে দেখা যায় কিলিয়ান এমবাপে সমর্থকদের দিকে তাকিয়ে জয়ের উচ্ছ্বাসে মেতে। ঠিক সেসময় প্যারাগুয়ের গোলরক্ষক ওর্ল্যান্ডো গিলকে দেখা যায় একটি বল এমবাপের দিকে ছুড়ে মারতে। কেন এমন করলেন তিনি? প্যারাগুয়ে গোলরক্ষক বলছেন, "এমবাপে আমাকে রীতিমতো বিরক্ত করে দিয়েছিল। ম্যাচ শেষে আমি ওর সঙ্গে করমর্দন করতে চেয়েছিলাম কিন্তু ও আমাকে উপেক্ষা করে। তাই মাথাটা গরম হয়ে গিয়েছিল। তবে বিতর্কটা ওখানেই শেষ হয়েছে।" গিল যতই দাবি করুন বিতর্ক ওখানেই শেষ, ব্যাপারটা ওখানেই থামেনি। ফরাসি ফুটবলাররা পরে প্যারাগুয়েকে তোপ দেগেছেন। এমনকী ফিফাও বিষয়টি খতিয়ে দেখেছে বলে খবর।

এদিকে জিতলেও দলের পারফরম্যান্সে খুব একটা সন্তোষ প্রকাশ করতে পারেননি এমবাপে। বরং তিনি স্বীকার করে নিয়েছেন, ফ্রান্স জিতেছে নোংরা ফুটবল খেলে। রিয়াল মাদ্রিদ তারকার কথায়, "ওরা ভেবেছিল, আমরা বুঝি শুধু সুন্দর ফুটবল খেলতে মাঠে নামব। কিন্তু আজ আমরা বুঝিয়ে দিয়েছি, দরকার পড়লে আমরাও কঠিন ও নোংরা ফুটবল খেলতে জানি। সেটা বুঝিয়ে দিয়েছি।" ফরাসি অধিনায়ক বলছেন, "ওরা আমাদের বিরক্ত করতে চেয়েছিল। আমরাই ওদের মাথা খারাপ করে দিয়েছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement