যত দিন গড়াচ্ছে, ততই বিশ্বকাপের (FIFA World Cup 2026) ব্যর্থতা নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠছে সেনেগাল ফুটবল। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজম করে, ৩-২ হেরে ক'দিন আগেই বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ থেকে ছিটকে গিয়েছে আফ্রিকার দেশটি। তারপর থেকে দলের অভ্যন্তরে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। বিদায় নেওয়ার পরপরই ক্ষিপ্ত সেনেগালের কোচ পাপে থিয়াও এবং বাকি সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে মিডফিল্ডার পাপে গিউয়ে তোপ দাগেন। এবার দলের অন্দরের আরও বিস্ফোরক খবর সামনে আসছে।
বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরে গিউয়ে সাফ জানিয়ে দেন, "এই কোচ এবং সাপোর্ট স্টাফরা যতদিন সেনেগালের জাতীয় দলের সঙ্গে জড়িয়ে থাকবেন, ততদিন আমি আর খেলব না।" কেন এমন সিদ্ধান্ত, সেই নিয়ে বিশদে কিছু জানানি এই ফুটবলার। তবে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর সেনেগাল শিবির সংক্রান্ত বেশ কিছু খবর প্রকাশ্যে আসছে। এবার বিশ্বকাপ চলাকালীন সেনেগালের জাতীয় ফুটবল দলের অভ্যন্তরে ঠিক কী ঘটেছিল, তা প্রকাশ্যে এনেছে আফ্রিকার নিউজ পোর্টাল স্পোর্টস নিউজ আফ্রিকা।
ওই পোর্টালের দাবি, সেনেগালের প্রশিক্ষণ শিবিরে ব্যক্তিগত পার্টির আয়োজন হয়েছিল। সেখানে এমন কয়েকজন উপস্থিত ছিলেন যাঁদের জাতীয় দলের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। পার্টিতে দেদার মদ্যপান হয়। উপস্থিত ব্যক্তিদের বিলাসবহুল হোটেলে রাখা হয়েছিল। যাবতীয় খরচ বহন করে ফেডারেশন। তারা আরও জানিয়েছে, এই নৈশ পার্টিতে তুমুল হই-হট্টগোল হয়। যার প্রভাব পড়ে বিশ্বকাপে পারফরম্যান্সের উপরেও।
কন্টেন্ট ক্রিয়েটরদের ডাকা হয়েছিল সেনেগালের শিবিরে। তাদের জন্য ছিল বহুমূল্য উপহার। মদ থেকে শুরু করে দেদার খানাপিনার জন্য স্রোতের মতো অর্থ ব্যয় করেছে ফেডারেশন। বরং ফুটবলারদেরই যথাথ সাহায্য করা হয়নি। এমনকী হোটেলে ফাস্ট ফুড খেয়েও দিন কাটাতে হয়েছে সাদিও মানেদের অনেককে। প্রিয় দলের এমন দশা দেখে ক্ষোভে ফুঁসছেন সেনেগাল ভক্তরা। তবে এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেনি সেনেগালের ফুটবল ফেডারেশন।
