বয়স্কতম হিসাবে চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2025) নেমেছিলেন। মেগা টুর্নামেন্টে একেবারে হতাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Ronaldo)। ডিআর কঙ্গোর মতো অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সিআর সেভেন একেবারে নিষ্প্রভ। নিন্দুকরা বলছেন, গোটা ম্যাচ পর্তুগাল ১০জনে খেলেছে। এহেন পরিস্থিতিতে চর্চায় উঠে আসছে বিরাট কোহলির (Virat Kohli) এক মন্তব্য। বছরতিনেক আগে রোনাল্ডোকে নিয়ে সতর্কবার্তা শুনিয়েছিলেন বিরাট।
সোশাল মিডিয়ায় কিং কোহলি বলেছিলেন, '৩৮ বছর বয়সেও রোনাল্ডো অনবদ্য খেলছে। যদিও ফুটবলবোদ্ধারা অধীর আগ্রহে বসে থাকে রোনাল্ডোর সমালোচনা করার জন্য। তারা বলে দেয় রোনাল্ডো নাকি শেষ। এখন অবশ্য তারা মুখে কুলুপ এঁটে বসে রয়েছে।' উল্লেখ্য, বিরাট বহুদিন ধরেই নিজেকে রোনাল্ডোভক্ত বলে পরিচয় দেন। তাঁর মতে, সিআর সেভেনের মতো ফুটবলারকে কোনওদিনই ফুরিয়ে গিয়েছে বলে অভিহিত করা যায় না।
বুধবারের ম্যাচের পর গোটা বিশ্ব অবশ্য সেটাই করছে। ডিআর কঙ্গোর মতো অখ্যাত দেশের রক্ষণেও রোনাল্ডো যেভাবে আটকে গিয়েছেন, বলের ধারেকাছে পৌঁছতে পারেননি-সেই দেখে ফুটবলবোদ্ধারা বলছেন রোনাল্ডোকে ছাড়াই এবার খেলা উচিত পর্তুগালের। পরিসংখ্যান বলছে, বুধবার পুরো সময় মাঠে থাকলেও মাত্র ২৫টি টাচ করেছেন সিআর সেভেন। ২১টি পাস বাড়িয়েছেন। কিন্তু গোল লক্ষ্য করে একটাও শট মারতে পারেননি। সেটার অনেকটা কৃতিত্ব অবশ্যই কঙ্গো ডিফেন্ডারদের। পর্তুগিজ মহাতারকাকে পায়ের জালে বেঁধে ফেলেছিলেন তাঁরা।
ফুটবলপ্রেমীরা অবশ্য সাক্ষী থেকেছে, কীভাবে এই পায়ের জাল কাটিয়েও অনবদ্য গোল করেছন রোনাল্ডো। যতবার তাঁকে নিয়ে সমালোচনার ঝড় যতবার উঠেছে, ততবারই ফিনিক্স পাখির মতো কামব্যাক করেছেন। তবে এখানে মনে রাখা দরকার, পর্তুগিজ তারকা ৪১ পেরিয়েছেন। আগের ক্ষিপ্রতা বা ক্ষমতা অনেকটাই কমেছে। তবে রোনাল্ডো যে আর কোনওদিনই জ্বলে উঠতে পারবেন না, একথা জোর দিয়ে বলাটাও কঠিন। বিরাটের সতর্কবার্তা মনে রাখা উচিত ফুটবলদুনিয়ার। যতদিন পর্যন্ত রোনাল্ডো অবসর না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাঁর নামের পাশে 'ফিনিশড' লেখার মতো ভুলটা করা উচিত নয়।
