বাবাকে হারানোর শোক এখনও কাটেনি। তার মধ্যেই মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে এই মুহূর্তে আর্জেন্টিনার মহাতারকাকে নিয়ে কোনও রকম তাড়াহুড়োয় নারাজ তাঁর ক্লাব। এলএম টেনের পাশে দাঁড়ানোর কথা বলেছে ইন্টার মায়ামি। সমর্থক এবং সংবাদমাধ্যমের কাছেও মেসিকে কিছুটা সময় দেওয়ার আবেদন করেছে তারা।
৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিওয় একটি হাসপাতালে প্রয়াত হন মেসির বাবা হোর্হে মেসি। বয়স হয়েছিল ৬৮ বছর। বাবার শেষকৃত্যের জন্য রোজারিওয় গিয়েছিলেন মেসি। পরে মায়ামিতে ফিরে দলের সঙ্গে যোগ দেন তিনি। বুধবার আমেরিকার লিগ কাপের ম্যাচে লিওনের বিরুদ্ধে মাঠে নামেন লিও। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে যখন তিনি মাঠে নামলেন, গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। লিও মাঠে ফেরায় ইন্টার মায়ামির সমর্থকদের মধ্যেও যে স্বস্তি ফিরেছে তাতে সন্দেহ নেই। শেষমেশ অবশ্য ওই ম্যাচে জিততে পারেনি ইন্টার মায়ামি। ৩-২ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসির ক্লাবকে। শুক্রবারও দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। শনিবার মেজর লিগ সকারে ন্যাশভিল এসসির বিরুদ্ধে নামবে ইন্টার মায়ামি।
ইন্টার মায়ামি কোচ গিলের্মো হোয়োস। ছবি সংগৃহীত।
মেসির পরিস্থিতি নিয়ে সতর্ক কোচ গিলের্মো হোয়োস। তাঁর কথায়, "সব কিছু ধীরে ধীরে হওয়া উচিত। গভীর শোকের মধ্যে দিয়ে যাচ্ছে ও। রাতারাতি পরিস্থিতি বদলে যাওয়ারও নয়।" এই সময় মেসিকে সময় দেওয়াই সবচেয়ে প্রয়োজন বলে মনে করছেন হোয়োস। তাঁর কথায়, "এই মুহূর্তে নীরবতাই সর্বোত্তম পথ। ও যাতে শান্তিতে নিজের মতো করে থাকতে পারে, সেই সময় দিতে হবে। দেখতে হবে, ও যেন নিজের মতো করে জায়গা খুঁজে নিতে পারে। ওর পাশে থেকে চুপচাপ ওকে সমর্থন করতে হবে।"
মায়ামি কোচ আরও বলেন, "মেসি সত্যিই চমৎকার একজন মানুষ। ওর মূল্য বোঝানোর মতো কোনও শব্দ আমার কাছে নেই। আমরা শুধু ফুটবলার মেসির কথা বলছি না। আমরা এমন এক অসাধারণ মানুষের কথা বলছি, যে বিশাল হৃদয়ের অধিকারী। ওর একটা সুন্দর পরিবারও আছে। কখনও কখনও শব্দ সত্যিই যথেষ্ট হয় না।" মাঠে ফেরার প্রস্তুতি নিলেও বাবার মৃত্যুশোক থেকে মেসির বেরিয়ে আসতে সময় লাগবে, সেটাই স্বাভাবিক। তাই ফলাফলের দিকে না তাকিয়ে এই মুহূর্তে মেসির পাশে দাঁড়ানোই যে বেশি জরুরি, সে কথাই স্পষ্ট করে দিয়েছে ইন্টার মায়ামি।
