বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচ খেলতে আমেরিকায় পা রাখল ইরান ফুটবল দল (Iran Football Team)। দীর্ঘ টালবাহানার পর আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহেই মঙ্গলবার সকালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ইরানের কোচ আমির ঘালেনোয়েই জানান, ভিসা সমস্যার কারণে দলের প্রস্তুতিতে বড় ধাক্কা লেগেছে। তিনি বলেন, “ভিসা পেতে দেরি হয়েছে। তাই অন্য দলগুলোর তুলনায় অনেক পরে আমরা প্রস্তুতি শুরু করতে পেরেছি। শিবিরও বদলাতে হয়েছে। এতে ফুটবলারদের উপর চাপ তৈরি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই।” তবে মাঠের বাইরের পরিস্থিতি নিয়ে ভাবতে রাজি নন ইরানের কোচ। তাঁর কথায়, “আমরা এখানে জিততে এসেছি। মাঠের বাইরে কী হচ্ছে, তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমাদের মনোযোগ কেবল ফুটবলে।”
বিশ্বকাপের আগে থেকেই আমেরিকার সঙ্গে কূটনৈতিক কারণে সমস্যায় পড়েছে ইরান। প্রথমে আমেরিকায় তাদের প্রস্তুতি শিবির হওয়ার কথা থাকলেও পরে তা সরিয়ে নেওয়া হয় মেক্সিকোয়। পাশাপাশি ইরানি সমর্থকদের জন্য টিকিট বাতিল করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। নিউজিল্যান্ড ম্যাচের সময় স্টেডিয়ামের বাইরে বিক্ষোভের পরিকল্পনা করেছেন কিছু ইরানি সমর্থক। সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
রাজনীতি ও ফুটবলকে আলাদা রাখার পক্ষে সওয়াল করেছেন আমির। তাঁর মন্তব্য, “আমরা রাজনীতির মানুষ নই। ফুটবলের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” একই সুর ইরানের তারকা ফুটবলার মেহদি তারেমির গলাতেও। তিনি বলেন, “শুধু ইরান নয়, আরও অনেক দেশ সমস্যার মুখে পড়েছে। বিশ্বকাপে আসার পর থেকেই আমরা চাপের মধ্যে রয়েছি। তবে সেই চাপ সামলে মাঠে নিজেদের সেরাটা দিতে হবে।” সব প্রতিকূলতার মধ্যেও দলের উপর পূর্ণ আস্থা রয়েছে ইরান কোচের। আমির বলেন, “দেরিতে আসায় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় কম পেয়েছি। দু’বার শিবির বদলাতে হয়েছে। কিন্তু কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে আমরা জানি। দলের উপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে।”
