shono
Advertisement
Mohun Bagan

এবার আইএফএ শিল্ড খেলবে মোহনবাগান? শর্ত বেঁধে দিল গতবারের চ্যাম্পিয়নরা

ডুরান্ড ফাইনালে হারের পর আপাতত কলকাতা লিগে খেলছে মোহনবাগান। আগামী সোমবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আবার সবুজ-মেরুনের ম্যাচ রয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:49 PM Sep 03, 2026Updated: 08:50 PM Sep 03, 2026

গতবার ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফি ঢুকেছিল মোহনবাগানের ঘরে। সেই আইএফএ শিল্ডে কি এবার আদৌ খেলবে সবুজ-মেরুন? গত কয়েকদিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে কলকাতার ফুটবলমহলে। তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত। স্পষ্ট শর্ত দিয়েছেন তিনি। সেই শর্ত পূরণ হলে তবেই আইএফএ শিল্ড খেলবে মোহনবাগান।

Advertisement

ডুরান্ড ফাইনালে হারের পর আপাতত কলকাতা লিগে খেলছে মোহনবাগান। আগামী সোমবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আবার সবুজ-মেরুনের ম্যাচ রয়েছে। তারপর শুরু হবে আইএসএলের প্রস্তুতি। সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরুর কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক ম্যাচগুলির জন্য আপাতত পিছিয়ে গিয়েছে আইএসএল। অক্টোবরে আইএসএলের বল গড়াতে চলেছে। সবমিলিয়ে ঠাসা ক্রীড়াসূচি। এহেন পরিস্থিতিতে আইএফএ চাইছে শিল্ড আয়োজন করতে। কিন্তু সেই টুর্নামেন্টে খেলা নিয়ে আগে থেকেই শর্ত দিয়ে দিল মোহনবাগান।

আইএফএর পরিকল্পনা রয়েছে, ২০ সেপ্টেম্বর থেকে শিল্ড শুরু হোক। তবে কবে নাগাদ টুর্নামেন্ট শেষ হবে তা এখনও অজানা। কিন্তু ১০ অক্টোবর থেকে আইএসএল শুরু হয়ে যাবে। ঠাসা সূচির মধ্যে শিল্ড খেলতে নামলে ফুটবলারদের ক্লান্তি বাড়বে। আইএসএলের আগে চোট-আঘাতের সম্ভাবনাও রয়েছে। সমস্ত দিক মাথায় রেখেই দেবাশিস দত্ত জানিয়েছেন, আইএফএ শিল্ড যদি ৬ অক্টোবরের মধ্যে শেষ হয় তাহলেই খেলবে মোহনবাগান। এই বিষয়টি আইএফএ'কে আগে থেকে নিশ্চিত করতে হবে বলে সাফ জানিয়েছেন দেবাশিস।

অন্যদিকে, জটিলতা কাটিয়ে কলকাতা লিগের ডার্বি হচ্ছে ৭ সেপ্টেম্বর। এর আগে ২৯ আগস্ট ডার্বি হবে বলে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ছয় দিন আগেই ডুরান্ড কাপ ফাইনালে দুই প্রধান মুখোমুখি হওয়ায় আইএফএ কর্তারা চাননি ছয় দিনের মাথায় আরেকটি ডার্বি করতে। তার পর ৫ সেপ্টেম্বর ডার্বি করতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু ৪ তারিখ জন্মাষ্টমী ও ৫ তারিখ কিছু ধর্মীয় অনুষ্ঠান থাকায় ওই দু’দিন পুলিশের অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত সোমবার ডার্বি হচ্ছে বারাসত স্টেডিয়ামে। শুক্রবার থেকে ডার্বির টিকিট বিক্রি শুরু হবে। ডিস্ট্রিক্ট অ‍্যাপে বিকেল তিনটে থেকে টিকিট পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement