shono
Advertisement
Gujarat

ভিটামিন সি-র 'ছদ্মবেশে' বিষাক্ত রাসায়নিক পাচার! আমেরিকায় কারাদণ্ড গুজরাটের ব্যবসায়ীকে

৫৪ মাস গরাদের পিছনেই কাটাতে হবে ভবেশ রাঞ্ছোরভাই লাঠিয়াকে।
Published By: Biswadip DeyPosted: 09:05 PM Sep 03, 2026Updated: 09:07 PM Sep 03, 2026

নাম ভবেশ রাঞ্ছোরভাই লাঠিয়া। বয়স ৩৭। বাসিন্দা গুজরাটের। তাঁকে ৫৪ মাসের সাজা শুনিয়েছে মার্কিন আদালত। কিন্তু কেন? ভারতীয় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল ভিটামিন ও অ্যান্টাসিড হিসেবে পরিচয় দিয়ে তিনি ফেন্টানাইল তৈরির কাঁচামাল বিষাক্ত রাসায়নিক পাচার করতেন আমেরিকায়। সব মিলিয়ে ৫০ পাউন্ডের বেশি কাঁচামাল পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। জানা গিয়েছে, ২০৩১ সালে মুক্তি পাওয়ার পর তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হবে।

Advertisement

ভবেশ লাঠিয়া ওরফে ভবেশ ভাই ওরফে ভবেশ প্যাটেলকে ব্রুকলিনের ফেডেরাল আদালতে তোলা হয়েছিল। সেখানেই তাঁকে এই সাজা শোনানো হয়। প্রায় সাড়ে চার বছরের কারাবাসের সাজার পাশাপাশি ২৪ হাজার ৫৬০ ডলার (ভারতীয় মুদ্রায় ২৩ লক্ষ) জরিমানাও করা হয়েছে তাঁকে।

ভবেশ লাঠিয়া যে সংস্থার মালিক ও প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম রেক্সটার কেমিক্যালস। সুরাটের ওই সংস্থা আমেরিকায় চোরাচালান চালাচ্ছিল। সব মিলিয়ে ৫০ পাউন্ডেরও বেশি রাসায়নিক তারা পাচার করেও ফেলেছিল। কিন্তু শেষপর্যন্ত ধরা পড়ে যান ভবেশ। ২০২৫ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। মার্কিন মুলুকে এই অপরাধের সাজা অত্যন্ত কঠোর। সর্বোচ্চ সাজা হতে পারে ৫৩ বছর। গত এপ্রিলে দোষী সাব্যস্ত হন ভবেশ।

তাঁকে সাজা শোনানোর সময় বিচারক জোসেফ নোসেলা জুনিয়র বলেন, ‘‘এমন এক জাতীয় সংকটের সময়, যখন প্রতিদিন শয়ে শয়ে মার্কিন নাগরিক ফেন্টানাইলের ওভারডোজে প্রাণ হারাচ্ছিলেন, তখন লাঠিয়া এই প্রাণঘাতী মাদকের মূল উপাদান-সহ বিভিন্ন রাসায়নিক উপাদান চোরাচালান ও বিতরণ করেছিলেন। নিজের এই কর্মকাণ্ডের ফলে যে ক্ষতি হতে পারে, সে বিষয়ে বিন্দুমাত্র তোয়াক্কা না করেই।'' এই সাজা ঘোষণার মাধ্যমে তাঁকেই কেবল নয়, সামগ্রিক ভাবে এই ধরনের চোরাচালানের ক্ষেত্রে স্পষ্ট বার্তা দেওয়া হল বলেও জানিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement