টানা চার ম্যাচে জেতার পর থামল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রথ। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মাইকেল ক্যারিকের ছেলেরা। লিগ টেবিলে এখনও প্রথম চারে আছে ম্যান ইউ। কিন্তু তারপরও মনখারাপ রেড ডেভিলস ভক্তদের। আরও স্পষ্ট করে বললে, বিশ্বের বহু ফুটবলভক্তের মন ভেঙেছে ইউনাইটেডের এই ফলাফল। কেন? কারণ ফ্র্যাঙ্ক ইলেট। 'ভীষ্মের প্রতিজ্ঞা'য় যিনি প্রায় ৫০০ দিন চুল কাটতে পারছেন না।
ব্যাপারটা ঠিক কী? তার জন্য ফিরে যেতে হবে ২০২৪-র অক্টোবরে। তখন তিনি ঘোষণা করেছিলেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যদি টানা পাঁচটি ম্যাচ জিততে পারে, তবেই চুল কাটবেন। এই ভক্ত বিখ্যাত হয়েছেন তাঁর পাহাড়প্রমাণ চুলের জন্য। অক্সফোর্ডের বাসিন্দা ফ্র্যাঙ্ক বর্তমানে স্পেনে থাকেন। কিন্তু ৪৯৩ তম দিনে এসে একটুর জন্য স্বপ্নভঙ্গ হল তাঁর।
এর আগে ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল, ফুলহ্যাম, টটেনহ্যামের মতো প্রতিপক্ষকে হারিয়েছে ইউনাইটেড। স্বাভাবিকভাবেই টানা পঞ্চম ম্যাচ জেতার বিষয়ে আশাবাদী ছিলেন ইউনাইটেড-ভক্তরা। আবার অনেক ফুটবল সমর্থক শুধুমাত্র ফ্র্যাঙ্কের চুল কাটা দেখার জন্য ব্রুনো ফার্নান্দেজদের জয় দেখতে চেয়েছিলেন। কিন্তু পা কাটল পচা শামুকে। অবনমনের লড়াই করা ওয়েস্ট হ্যাম প্রথমেই এগিয়ে যায়। ডিফেন্সের ফাঁকফোকর কাজে লাগিয়ে গোল করেন টমাস সোচেক। এরপর ম্যাঞ্চেস্টারের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরান বেঞ্জামিন সেসকো। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচ জেতা হয়নি।
আর তার সঙ্গে মন ভাঙল ফ্র্যাঙ্কের। বন্ধুদের সঙ্গে বসে ম্যাচ দেখার মুহূর্ত লাইভ স্ট্রিমিং করেন। ম্যাচের পর স্বভাবতই ভেঙে পড়েন। ফুটবল-ভক্তদেরও সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। ফ্র্যাঙ্কের পরিকল্পনা ছিল, টানা পাঁচ ম্যাচ জেতার পর চুল কাটলে তা দান করবেন। এমনকী দেশ-বিদেশ থেকে ফ্র্যাঙ্ক কীরকম হেয়ারস্টাইল করবেন, তার পরামর্শ দেওয়া হচ্ছিল। কিন্তু তীরে এসে ডুবল তরী। আর কতদিন ফ্যাঙ্ককে অপেক্ষা করতে হবে, তা কেউই বলতে পারছেন না।
